খুবি’র আউট সোর্সিং নিয়োগে দুর্নীতি ও বেতনের দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
আমরা মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড ও কন্ট্রাক্ট ক্লিনিং সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত হোসেন ফারুক এর সীমাহীন দুর্নীতি অনিয়ম নির্যাতনে দিশেহারা হয়ে পড়েছি। ওই কোম্পানি দুটির পরিচালক ও তার এজেন্টরা সরকারি প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আউটসোর্সিং এ নিয়োগ দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছেন। তারা মাসের পর মাস আমাদের বেতন বন্ধ রেখেছে। অন্যদিকে প্রকৃত কর্মচারীকে বেতন না দিয়ে তার নিজস্ব লোকদের বেতন প্রদান করে আসছেন। অথচ দিনের পর দিন আমরা যারা শ্রম দিয়ে আসছি। তাদের বেতন দেয়ার কথা কখনোই ভাবছেন না। অথচ অর্থের বিনিময়ে যখন তখন নতুন নতুন লোক নিয়োগ দিচ্ছে। হাসাপাতালে সরকার স্বীকৃত ৩০৬জন লোকের স্থলে ঠিকাদারের অনৈতিক নিয়োগে কাজ করে পাঁচ শতাধিক মানুষ।
শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আয়া-১০৭, লিজা আক্তার। তিনি তার বক্তব্যে আরও বলেন, নিয়োগপত্রের চাকুরীর কোনো মেয়াদ উল্লেখ না করে আবার কখনো কারও কারও ক্ষেত্রে নিয়োগপত্র না দিয়েই কাজে যোগদান করানো হচ্ছে। এদের মধ্যে কেউ বেতন পেয়েছে আবার কেউ বেতন পাচ্ছেন না। চাকুরী নবায়নের জন্য ঠিকাদার ও তার সহযোগিরা প্রত্যেক কর্মচারীর নিকট থেকে প্রতি বছর নগদ টাকা আদায় করছে। নারীকর্মীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানিক অনুমতি নিয়ে মাতৃত্বজনিত ছুটি নেয়ার পরেও চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসকল অনিয়ম এর প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন হামলা, হয়রানিমূলক মামলা, গুম ও খুনের হুমকিও দেয়া হয়ে থাকে। ম্যানেজিং ডাইরেক্টর হেমায়েত হোসেন ফারুক যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের উর্দ্ধতন নেতা-মন্ত্রীদের সাথে ছবি ফেসবুকে ছেড়ে ভয়-ভীতি প্রদর্শন করে।
ইতিমধ্যে ঠিকাদারের এসকল অনিয়মের বিরুদ্ধে খুমেক হাসপাতাল কর্তৃপক্ষ, শ্রম অধিদপ্তর, শ্রম আদালতে, সোনাডাঙ্গা থানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কদের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এসব জায়গায় অভিযোগ দেয়ার পরেও অদৃশ্য ক্ষমতার জন্য আমরা কোনো সুরাহা না পেয়ে আপনাদের স্মরণাপন্ন হয়েছি। এছাড়াও আমরা ন্যায্য পাওনার দাবিতে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি খুলনা মহানগরীর কাছে লিখিত আবেদন, ৭ অক্টোবর হাসপাতাল সম্মুখে মানববন্ধন, ৯ অক্টোবর বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবার স্মারকলিপি পেশ এবং ১৩ অক্টোবর থেকে হাসপাতাল ক্যাম্পাসে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা করছি।











































