Home আঞ্চলিক নগরীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, কপাল পুড়ল সরোয়ারসহ ৮ নেতার

নগরীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, কপাল পুড়ল সরোয়ারসহ ৮ নেতার

233


স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর খালিশপুর থানার ১১ নং ওয়ার্ডে গত শুক্রবার (৪ অক্টোবর) রাতে বিএনপির সুধী সমাবেশে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রুপের ৮ জনকে বহিষ্কার করেছে মহানগর বিএনপি। এছাড়া তদন্ত কমিটি গঠন করেছে দলটি।

পুলিশ ও বিএনপি নেতা-কর্মীরা জানান, খালিশপুর পিপলস গোল চত্বরে বিএনপি সুধী সমাবেশের আয়োজন করে। সমাবেশস্থলে সামনের চেয়ারে বসা ও মঞ্চে উঠা নিয়ে বিএনপি নেতা সরোয়ার হোসেন ও যুবদল নেতা নাজমুল হক বাবুর সমর্থকরা তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তা উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ অন্যান্য নেতারা পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় সমাবেশ পণ্ড হয়ে যায়। খালিশপুর থানা বিএনপির সদস্য সচিব হাবিব বিশ্বাস বলেন, মঞ্চে উঠা নিয়ে হাতাহাতি হয়েছে। এতে কয়েকজন আহত হন।

তিনি হাসপাতালে তাদেরকে দেখতে গিয়েছিলেন।
খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিএনপির সমাবেশে তাদের নিজেদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। এখনও কেউ থানায় কোনো অভিযোগ করেনি।
এদিকে সংঘর্ষে ১১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তুহিন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসিন মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুবদল নেতা শরিফুল ইসলাম, যুবদলের সদস্য দিদার বিশ্বাস ও মো. সোহেল, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূরুজ্জামান এবং বিএনপির সদস্য শহিদসহ ১৫ জন আহত হন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এদিকে বিএনপির সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাতেই ১১নং ওয়ার্ড বিএপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন ও ফকির শহিদুল ইসলামকে বহিস্কার করে মহানগর বিএনপি। ওই চারজনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খানকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মহানগর বিএনপির মিডিয়া সেল জানান, ওই ঘটনায় শনিবার সকালে আরও চারজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- ১১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, ১৫ নং ওয়ার্ড যুবদল নেতা তারেক রহমান রানা, ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম স্বপন ও ৮ নং ওয়ার্ড যুবদল নেতা আসলাম সোহেল রনি।