Home জাতীয় যে ছবি কথা বলে

যে ছবি কথা বলে

27

খুলনাঞ্চল রিপোর্ট

নবী হোসেন। বয়স ত্রিশ। তার বুকে পাঁচ বছরের শিশু বুলবুলি। দুজনই মৃত। তারা দুজনও অন্য নিকটাত্মীয়দের সঙ্গে মাইক্রোবাসযোগে মৃত স্বজনের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি পথে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাঁশাটি এলাকায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে ডুবে যায়।

ঘটনাস্থল থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরমধ্যে দুটি লাশের ছবি দেখে চোখ আটকে যায়; যেখানে নবী হোসেন শিশু বুলবুলিকে বুকে আগলে রেখেছেন। এ যেন হৃদয়বিদারক দৃশ্য। নবী হোসেন হয়তো বেঁচে যাওয়া অন্যদের মতো নিজেও বেঁচে যেতে পারতেন।কিন্তু কোলের শিশুকে বাঁচাতে গিয়ে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তিনি শিশুটিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টায় এমনভাবে বুকে চেপে ধরেছেন যে, মৃত্যুর পরও ছাড়েননি। তার বুকেই বুলবুলি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে শিশুসহ ৮ জন নিহত হন। মঙ্গলবার সকালে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রিপা খাতুন (৩০), শামছুল হক (৬৫), রেজিনা খাতুন (৫৩), পাগলা থানার পারুল আক্তার (৫০), ভালুকা উপজেলার বেগম (৩০), মিলুয়ারা বেগম (৫৫), বুলবুলি আক্তার (৫) এবং তারাকান্দা উপজেলার নবী হোসেন (৩০)। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, ভালুকার শাহজাহান (৪০), শারফুল (৩৬), মিজান (২৮), রাজু (২৭),পাগলার হাবীব ৫৫) ও গফরগাঁওয়ের রতন (৫৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, নিহত শারফুলের খালাত ভাই শেরপুরের নালিতাবাড়ীতে মারা যান। আর তাই ভালুকা, তারাকান্দা, গফরগাঁও ও পাগলার আত্মীয় নিয়ে মাইক্রোবাসযোগে রওনা হন তারা। ফুলপুর পর্যন্ত আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। গাড়ির চালক এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।