আন্তর্জাতিক ডেস্ক
নেপালে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২৬ জন নিহত হয়েছেন। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অভিযান চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে সরকার।
গত সপ্তাহের মঙ্গলবার থেকে দেশটিতে ভারি বৃষ্টি শুরু হয়েছে। এতে হিমালয়বেষ্টিত দেশটির পূর্বাঞ্চল এবং মধ্যভাগ বেশি ক্ষতির মুখে পড়েছে। দেশের বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। দেশজুড়ে স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার।
আজ রবিবার আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতির পর উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ। এতে দেখা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কাঠমান্ডু ও এর পার্শ্ববর্তী জেলাগুলো। নিহতদের অর্ধেকই রাজধানী এলাকার।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাজধানী কাঠমান্ডুতে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে। আবাসিক এলাকাগুলো পানিতে ডুবে গিয়েছে। তাছাড়া ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে।
কাঠমুন্ডুর পার্শবর্তী হাইওয়েতে দুটি বাস থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাস দুটি মটিতে চাপা পড়েছিল। হাইওয়েটিতে আরও যানবাহন মাটির নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে।











































