Home খেলাধুলা চমক দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের

চমক দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের

16


স্পোর্টস ডেস্ক

সাফল্যের জন্য হাপিত্যেশ করছে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে বিশ্বকাপ ও পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই; দলের সবচেয়ে বেশি দুরবস্থা টেস্টে। ঘরের মাঠে টানা ১০ টেস্টে জয়হীন দলটি। সবশেষ বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হার। কিছুদিন পরই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে ৩ ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। এ উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।

ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত এই দলে চমক হচ্ছেন স্পিনার নুমান আলি। প্রায় এক বছর আগে পাকিস্তানের জার্সিতে দেখা গিয়েছিল নুমানকে। সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে খেলেছেন ১৫ ম্যাচে ৪৭ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার নুমান।

দল থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার খুররম শেহজাদ। বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে থাকা মোহাম্মদ আলি ও কামরান গুলামকেও। যদিও দলের পরিকল্পনায় তারা আছেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে, দলে ফিরেছেন ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজে থাকতে না পারা আমের জামাল।

বাংলাদশের মতো ইংল্যান্ড সিরিজেও পাকিস্তানের অধিনায়কত্ব করছেন শান মাসুদ। যদিও তাকে বাদ দেওয়ার রব উঠেছিল নানা দিক থেকে। তার অধীনে প্রথম সিরিজেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ধবলধোলাই হয় পাকিস্তান। তবে বাংলাদেশের বিপক্ষে হারার কারণেই তার ওপর ক্ষোভ বেশি। তাছাড়া ব্যাটার হিসেবেও খুব একটা ভালো পারফর্ম করছেন না তিনি। এমনকি তার গড়ও ত্রিশের নিচে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য পাকিস্তানের দল

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মীর হামজা, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।