ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর। বাংলাদেশ দলে হামজাকে খেলানোর জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। হামজাকে পেতে যা যা করণীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে এখন শেষ ধাপে রয়েছে বাফুফে। এবার ফিফার সবুজ সংকেত পেলেই বাংলাদেশের লাল-সবুজের জার্সি গায়ে খেলতে পারবেন হামজা।
বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার আগেই নতুন এক নজির গড়লেন হামজা চৌধুরী। এত দিন বাংলাদেশি বংশোদ্ভূত পরিচয়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। এবার বাংলাদেশি পরিচয়ে ইংলিশ লিগে খেলছেন এই মিডফিল্ডার। ফলে এই প্রথম বাংলাদেশি কোনো ফুটবলার ইংলিশ লিগে খেলছেন!
গত ২৩ আগস্ট বাংলাদেশের সবুজ পাসপোর্ট হাতে পান হামজা। তবে এর মাস খানেক আগেই তার বাংলাদেশের পাসপোর্ট প্রস্তুত হয়ে গিয়েছিল। প্রাক-মৌসুমে লেস্টার সিটি হয়ে ব্যস্ত সময় কাটানোর কারণে দেরিতে পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি। নতুন মৌসুমের শুরুতে ইংলিশ লিগে প্রথম দুই ম্যাচে সাইড বেঞ্চে বসেই সময় কাটাতে হয়েছে তাকে।
বাংলাদেশের সবুজ পাসপোর্ট হওয়ার পর গত ২৮ আগস্ট প্রথমবারের মতো ইংলিশ লিগ খেলতে নামেন হামজা। ট্রানমেয়ার রোভার্স এফসির বিপক্ষে লিগে লেস্টার সিটির তৃতীয় ম্যাচে ৬৩ মিনিটে ওলিভার উইলিয়াম স্কিপের বদলি হিসেবে মাঠে নামেন এই মিডফিল্ডার। ফলে বাংলাদেশের ইতিহাসের পাতায় নাম ওঠে যায় তার। এর আগে বাংলাদেশি পরিচয়ে তো দূরের কথা, বাংলাদেশি বংশোদ্ভূত কোনো খেলোয়াড়েরও ইউরোপ ফুটবলের শীর্ষ স্তরে খেলার নজির নেই। এ নিয়ে চলমান ইংলিশ লিগে লেস্টার সিটির হয়ে সর্বশেষ তিন ম্যাচেই খেলেছেন হামজা।
ইংল্যান্ডে জন্ম নেওয়া হামজা চৌধুরী অনেক আগেই মাতৃভূমি বাংলাদেশের লাল-সবুজের জার্সি গায়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তার স্বপ্ন সত্যি হতে চলেছে। অবশ্য জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারের খেলা নতুন কোনো ঘটনা নয়। এক দশকের বেশি সময় ধরে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া বাংলাদেশ দলে খেলছেন। জাতীয় দলের বর্তমান অধিনায়কও তিনি। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীও খেলছেন।
মূলত, বাংলাদেশের প্রতি ভালোবাসার টানে জাতীয় দলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হামজা। তিনি জানান, ‘বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের হয়ে খেলতে চাই আমি।’ সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলে দেখা যেতে পারে হামজাকে। তার মা রাফিয়া চৌধুরীর গ্রামের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার স্নানঘাটে। তবে হামজার বাবা মোরশেদ দেওয়ান একজন গ্রানাডিয়ান। মায়ের বাংলাদেশের সবুজ পাসপোর্ট থাকার কারণেই বাংলাদেশি পরিচয়ে জাতীয় দলে খেলার সুযোগ হচ্ছে তারকা ফুটবলার হামজার। মায়ের সঙ্গে বাংলাদেশে এসে সিলেটে ঘুরে গেছেন হামজা।











































