Home আঞ্চলিক বিদ্যালয়ের মাঠে পানি, এক মাস বন্ধ পাঠদান

বিদ্যালয়ের মাঠে পানি, এক মাস বন্ধ পাঠদান

40


ডুমুরিয়া প্রতিনিধি
প্রবেশপথের দু’পাশ ঘেঁষে ইটের সলিং, খেলার মাঠ, সামনে মন্দির, শহীদ চত্বরসহ সবখানেই থইথই পানি। সড়ক ও মাঠের পানিতে চলছে ডিঙি নৌকা। চাকরি বাঁচাতে এর মধ্যেই এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় আসছেন শিক্ষক-কর্মচারীরা। এমন বেহাল অবস্থা ডুমুরিয়ার সাড়াভিটা নরেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে দুর্গম এলাকা সাড়াভিটা গ্রাম। রংপুর ইউনিয়নে সরেজমিন পাওয়া গেছে এমন চিত্র। শিক্ষকদের ভাষ্য, খালে পলি জমে ও দখল-দূষণে ভরাট হয়ে গেছে। এতে পানিপ্রবাহ বন্ধ। প্রায় এক মাসের টানা বর্ষণে পানি জমেছে। এতে মুখ থুবড়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। শিশুরা বিদ্যালয়ে না আসায় পাঠদান বন্ধ।
পঞ্চম শ্রেণির জুঁই হালদার ও চতুর্থ শ্রেণির পৃথা মণ্ডলের ভাষ্য–সড়ক, খেলার মাঠ, সবখানে কোমরপানি। মাঝেমধ্যে পড়ে গিয়ে কাপড়, বই-খাতা নষ্ট হয়ে যায়। এ কারণে কেউ স্কুলে আসে না। সামনে বার্ষিক পরীক্ষা। পড়াশোনার ক্ষতি হচ্ছে তাদের।
বিদ্যালয়টিতে ৫০ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তিন-চার বছর আগে স্থানীয় শৈলমারী স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশন হতো। তবে ভূমিদস্যুরা পানিপ্রবাহের খাল-বিল দখল করে নেওয়ায় বৃষ্টির পানি জমে থাকে। বিদ্যালয়ের প্রবেশপথ, খেলার মাঠ, শহীদ চত্বর ও মন্দিরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে জানিয়েও ফল পাচ্ছেন না তারা।
স্কুলের প্রধান শিক্ষক দীপংকর সরকার ও স্থানীয় বাসিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমীর কুমার হালদার বলেন, তিন বছর আগেও উপজেলার শৈলমারী স্লুইসগেট দিয়ে এলাকার বিভিন্ন স্থানের পানি বের হয়ে যেত। বিলের খালগুলো দখল করে নেওয়ায় পানি বের হওয়ার রাস্তা নেই। বিদ্যালয়ের চারদিকে থইথই পানি। এখন ডিঙি নৌকাই একমাত্র ভরসা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন বলেন, খাল দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। শৈলমারী স্লুইসগেটের খালের পলি অপসারণের কাজ চলছে। দ্রুতই বিদ্যালয়সহ এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়ে যাবে।