স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নতুন মাইলফলকের সামনে রোহিত শর্মা। ভেঙে দিতে পারেন বীরেন্দ্র শেবাগের একটি রেকর্ড।
ভারতীয় অধিনায়ক রোহিত এখন পর্যন্ত ৫৯টি টেস্ট ম্যাচ ও ১০১টি টেস্ট ইনিংসে ৮৪টি ছক্কা হাঁকিয়েছেন। যেখানে ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষে রয়েছেন শেবাগ। তিনি ১০৪টি টেস্টের ১৮০টি ইনিংসে ৯১টি ছয় মেরেছিলেন। আর আটটি ছক্কা মারতে পারলেই শেবাগকে টপকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে চলে আসবেন রোহিত।
বাংলাদেশের বিপক্ষে দু’টি টেস্টে সর্বোচ্চ চারটি ইনিংস খেলার সুযোগ পেতে পারেন রোহিত। সেই ইনিংসগুলিতে আটটি ছক্কা মারে পারলে বাংলাদেশের বিপক্ষে সিরিজেই নতুন নজির গড়বেন ভারতীয় ক্রিকেটে। ভারতীয়দের মধ্যে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ৯০টি টেস্টে ৭৮টি ছয় মেরেছেন।
এদিকে এখন পর্যন্ত বিশ্বের তিন জন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ১০০টি বা তার বেশি ছক্কা মারতে পেরেছেন। তালিকায় শীর্ষে রয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক টেস্টে এখন পর্যন্ত ১৩১টি ছয় মেরেছেন। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। টেস্ট ক্রিকেটে তার ছক্কার সংখ্যা ১০৭টি। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি ১০০টি ছয় মেরেছেন লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে।











































