মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধের জের ধরে একই পরিবারে গৃহিণীসহ ৩ জনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকেল ৫টার দিকে পুটিখালী ইউনয়নের শহিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মারপিটে আহত পুটিখালী গ্রামের রাসেল মল্লিক তার ভাই নাসির মল্লিক ও তার স্ত্রী তানজিলা খাতুনকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রাসেল মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থানায় অভিযোগ দায়ের হয়েছে।
জানা গেছে, ঘটনার দিন মাছের ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল কাদের মল্লিকের ছেলে সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক তরিকুল ইসলাম শান্ত ও তার পরিবারের লোকজন নিকটস্থ শহিদ মার্কেট এলাকায় কেনাকাটার জন্য গেলে একই এলাকার সিরাজুলের নেতৃত্বে ১৮-২০ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপরে হামলা চালায়। হামলাকারীরা রাসেল মল্লিককে পিটিয়ে, কুপিয়ে ও অন্ডকোষ চেপে গুরুতর আহত করে।
সিরাজুল ওরফে শেরেকুল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারো ওপর হামলা করিনি। উল্টো আমাদের মার্কেটে ভাড়াটিয়া লোকজন নিয়ে নাসির মল্লিক ও তার ভাই হামলা চালিয়েছে। আমার বৃদ্ধ বাবাকেও আহত করেছে। হামলার বিচার চেয়ে থানায় অভিযোগ করেছি।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সামসুদ্দিন বলেন, শহিদ মার্কেট এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ও সেনা বাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।











































