মোংলা প্রতিনিধি
মোংলায় রাস্তা আটকে ভটভটি, অটোভ্যান ও ট্রাক রেখে চলছে রমরমা মাছের ব্যবসা। এ সময় কোনো যানবাহন চলাচল করতে না পারায় বাড়ছে জনদুর্ভোগ। এছাড়া মাছের পানি পড়ে অনবরত সড়কগুলো নোংরা থাকছে। ফলে যানবাহন চলাচলের সময় পাকা সড়ক নষ্ট হয়ে খোয়া বেরিয়ে পড়েছে। সচেতন মহলের দাবি দ্রুততম সময়ের মধ্যে সড়কের ওপর মাছের ব্যবসা বন্ধ করা না গেলে সড়কগুলো খানাখন্দে ভরে যাবে। এতে বাড়বে দুর্ঘটনার ঝুঁকি।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, পৌর শহরের অন্যতম সড়ক তাজমহল রোডের দু’পাশ আটকে ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রাক, অটোভ্যান ও ভটভটি রেখে মাছ বিক্রি করা হচ্ছে। এছাড়াও আরও বেশ কয়েকটি স্থানে সড়কের ওপরে ভটভটি ও ছোট ট্রাক রেখে মাছে দেওয়া বরফ বিক্রি করা হচ্ছে।
ভূক্তভোগি অটোভ্যান চালক ওয়াহেদ গাজী, মোঃ সোবাহান মল্লিক ও নাসির উদ্দিন বলেন, প্রতিদিন ১৫-২০বার এই সড়ক দিয়ে যেতে হয়। কিন্তু সড়কের দু’পাশে মাছের ব্যবসা করায় আমাদের সময়ের অপচয়সহ যানজট সৃষ্টি হচ্ছে। মাছের গাড়িতে মাছ উঠানো পর্যন্ত সড়কে দাঁড়িয়ে থাকতে হয়। মাছ দেওয়া শেষ হলেই আমরা চলাচল করতে পারি। এতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের।
সাধারণ পথচারী মোংলা সরকারি কলেজের শিক্ষক মনিমোহন অধিকারী বলেন, তার মতন অনেকেরই চলাফেলা প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হয়। রাস্তা আটকে দু’পাশে মাছের ব্যবসার কারণে এই দূর্ভোগ উল্লেখ করে তিনি বলেন, অবিলম্বে মাছের ব্যবসা পৌর অন্য কোন ফাঁকা স্থানে নিলে ভোগান্তি থেকে তারা পরিত্রাণ পাবেন।
সড়কে দু’পাশ আটকে মাছের ব্যবসার কারণে জন দুর্ভোগ হচ্ছে স্বীকার করে মাছ ব্যবসায়ী বাবু মোল্লা ও রুবেল হোসেন বলেন, রাস্তার দু’পাশে মাছের আড়ৎ থাকায় এই সমস্যা সৃষ্টি হচ্ছে, কি করার আছে বলেন? পৌর কর্তৃপক্ষ এই সড়কটির (তাজমহল রোড) দু’পাশ আরও বড় করলে এই সমস্যা থাকবে না বলেও জানান তারা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা করাসহ ৫০এর বেশি ব্যক্তিকে অর্থদন্ড দেওয়া হয়েছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। এক্ষেত্রে মাছ ব্যবসায়ীদের উচ্ছেদ করে বিকল্প কোন জায়গা দেওয়া যায় কিনা সেটি নিয়ে ভাবা হচ্ছে।











































