স্পোর্টস ডেস্ক
চীনে চলমান এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অপরাজিত থাকার যাত্রা বজায় রেখেছে ভারত। গতকাল শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে মেন ইন ব্লুরা। ফলে গ্রুপপর্বের শীর্ষস্থানেই রইল তারা। অন্যদিকে টুর্নামেন্টে প্রথমবারের মতো হার দেখেছে পাকিস্তান। তবে ভারতের কাছে হারলেও দুই জয় ও দুই ড্রয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।
তবে এই ম্যাচের ফলাফল ছাড়িয়ে আলোচনায় ম্যাচে ঘটা তীব্র বাক-বিতণ্ডা। ভারতের খেলোয়াড় যোগরাজ সিংকে পাকিস্তানের আশরাফ ওয়াহেদ রানা বাজেভাবে মোকাবেলা করলে শুরু হয় এই অনাকাঙ্খিত উত্তেজনা।
ঘটনাটি ঘটে ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে। ম্যাচে তখনো ২-১ গোলে এগিয়ে ভারত। সমতায় ফেরার জন্য তখন আপ্রাণ চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বী দলটি। তখনই ভারতের সার্কেলের মধ্যে পাকিস্তানের রানার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর পড়ে যান যোগরাজ। সঙ্গে সঙ্গে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত বাক্য-বিনিময়ে জড়ান ভারতের দুই খেলোয়াড় হারমানপ্রিত সিং ও জারমানপ্রিত সিং। পরে মাঠের আম্পায়াররা ও পাকিস্তানের অধিনায়ক আম্মাদ বাট ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়।
আসল ঘটনা দেখতে পরে রিভিউ ডাকেন আম্পায়ার। পরে টিভি আম্পায়ার জানিয়ে দেন যে, পাকিস্তানের রানা অপরাধ করেছেন। এ কারণে তাকে হলুদ কার্ড দেখানো হয়। শেষ ১০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পাকিস্তান। এই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানকে চেপে ধরার চেষ্টা করে ভারত। তবে পেনাল্টি কর্নার পেলেও সেটি থেকে গোল আদায় করে নিতে পারেননি হারমানপ্রিত।
এই জয়ের মাধ্যমে পাকিস্তানের কাছে ২০১৬ সাল থেকে অপরাজিত থাকার যাত্রা বজায় রইল ভারতের। গত বছরের এশিয়ান গেমসে চীনের হাংজুতে পাকিস্তানকে ১০-২ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। তার কয়েক মাস আগে চেন্নাইতে পাকিস্তানকে ৪-০ গোলে হারায় দলটি। ২০২২ সালের এশিয়া কাপে ভারতের তরুণ দলের সঙ্গে ১-১ গোলে ড্র করে পাকিস্তান। তার আগের বছর ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৪-৩ গোলের জয় পায় ভারত।











































