মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য প্রভাবশালীদের রোষানলে পড়ে নিরাপত্তাহীনতায় বাড়িঘর ফেলে পালিয়ে বেড়াচ্ছেন। দুর্বৃত্তরা জোরপূর্বক ২টি জমি দখলে নিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
এ ঘটনায় ওই সাবেক ইউপি সদস্য মোসা. শাহানাজ আক্তার ও তার স্বামী শহিদুল ইসলাম বাদী হয়ে মোরেলগঞ্জ থানা এবং সেনাক্যাম্প বরাবর পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব চিপা বারইখালী গ্রামের মো. শহিদুল ইসলামের স্ত্রী সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসা. শাহানাজ আক্তারের বাড়িতে পূর্বশত্রুতার জেরে একই এলাকার একটি প্রভাবশালী মহল তিন দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মালামাল লুটে নেয়। এতেও তারা ক্ষান্ত না হয়ে তার স্বামীর একটি ৫ শতকের বাড়ি-গোয়ালঘর ভাঙচুর করে জমি দখল করে।
পরবর্তীতে আরো এক দফায় তাদের সাড়ে ১৯ শতক জমি দখলে নেয় প্রভাবশালীরা। গত ৮ সেপ্টেম্বর থেকে সাবেক ওই সংরক্ষিত নারী ইউপি সদস্য তার পরিবার-পরিজন নিয়ে বাড়িঘর ছেড়ে নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন।
এ বিষয়ে শাহানাজ আক্তার বলেন, বাড়ি থেকে এক কাপড়ে ছেলেমেয়ে ও স্বামীকে নিয়ে কোনোমতে জানে বেঁচে চলে এসেছি। এখনো পর্যন্ত বাড়িঘরের মুখ দেখিনি। বৃদ্ধ শ্বশুর আশরাফ আলী হাওলাদার (৬৫), শাশুড়ি মোসা. সায়েদা বেগম (৫৫) বাড়িতে রয়েছেন। তারা কী খাচ্ছেন, কীভাবে দিন কাটাচ্ছেন কিছুই জানিনা।
শাহানাজ আক্তার ক্ষোভ ঝেড়ে বলেন, প্রভাবশালীদের একটাই কথা স্ট্যাম্পে জমি লিখে দিতে হবে। দেশে কি আইন-বিচার কিছুই নেই? থানায় অভিযোগ দিয়ে বিচার না পেয়ে বাগেরহাটে বিজ্ঞ ম্যাজিস্ট্রট আদালতে অভিযোগ দিয়েছি। অভিযোগটি পিবিআইকে তদন্তের ভার দেওয়া হয়েছে। আমরা এখন কী করব, কীভাবে বাড়িঘরে ফিরব?
ভুক্তভোগী এ পরিবারটি ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।











































