Home আন্তর্জাতিক মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান

মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান

21


অনলাইন ডেস্ক।।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংঘাত-বিক্ষুব্ধ রাজ্য মণিপুরের চূড়াচাঁদপুর ও কাংপোকপি জেলার গহিন জঙ্গলে অভিযান চালিয়ে গোপন একটি অস্ত্রাগারের সন্ধান পেয়েছে ভারতের সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অস্ত্রাগারটি থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী, মণিপুর পুলিশ, কেন্দ্রীয় এলিট ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর গত ৪৮ ঘণ্টার অভিযানে চূড়াচাঁদপুর ও কাংপোকপিজুড়ে বিস্তৃত গহিন জঙ্গলে একটি গোপন অস্ত্রাগার থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব জব্দ করা অস্ত্র-গোলাবারুদ মণিপুর পুলিশের হেফাজতে রয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে তদন্তও শুরু করেছে পুলিশ।

এদিকে মণিপুরের পাঁচ উপত্যকা জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পুনরায় চালু হয়েছে। রাজধানী ইম্ফলে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার তিন দিন পর সেখানে এই পরিষেবা ফের চালু করা হয়েছে। তবে মোবাইল ডেটা এখনও বন্ধ রয়েছে। নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে এ পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর এনডিটিভির।