Home খেলাধুলা বাংলাদেশ সিরিজে ৪৮ রান করলেই অনন্য কীর্তি গড়বেন কোহলি

বাংলাদেশ সিরিজে ৪৮ রান করলেই অনন্য কীর্তি গড়বেন কোহলি

21


স্পোর্টস ডেস্ক

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই সংস্করণ থেকে অবসর নিয়েছেন ভারতের বিরাট কোহলি। তারকা এই ব্যাটারের এখন মনোযোগ টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন ২ ম্যাচের টেস্ট সিরিজেও দেখা যাবে ৩৫ বছর বয়সী এই তারকাকে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই অনন্য এক কীর্তি গড়ার সুযোগ কোহলির সামনে। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে ভারতেরই কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি সংখ্যা ১০০টি। যেখানে কোহলির সেঞ্চুরি সংখ্যা ৮০টি। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে কোহলির সামনে এমন একটি কীর্তি গড়ার সুযোগ যেটি গড়লে টেন্ডুলকারকে তো ছাড়াবেনই, টেস্টের ১৪৭ বছরের ইতিহাসেই প্রথম ক্রিকেটার হবেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূরণ করতে কোহলির দরকার এখন মাত্র ৫৮ রান। ২৭ হাজার রানের মাইলফলক এর আগে পেরিয়েছেন শচীন টেন্ডুলকার, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংও। শচীন এই রান করেছেন ৬২৩ ইনিংস (২২৬ টেস্ট ইনিংস, ৩৯৬ ওয়ানডে ইনিংস ও ১ টি-টোয়েন্টি ইনিংস) খেলে। ৫৯১ ইনিংস খেলা কোহলির বর্তমান রান ২৬ হাজার ৯৪২। অর্থাৎ, আর ৮ ইনিংসের মধ্যেও যদি তিনি ৫৮ রান করতে পারেন তাহলে প্রথম ক্রিকেটার হিসেবে ৬ শ’র কম ইনিংস খেলে ২৭ হাজার রানের মাইলফলক গড়বেন।

প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট। আর কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজ উপলক্ষে স্কোয়াড ঘোষণা করেছে দুই দল।

চেন্নাই টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম ও খালেদ আহমেদ।

চেন্নাই টেস্টের ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল।