Home খেলাধুলা ছন্নছাড়া ফুটবল খেলে ব্রাজিলের হার

ছন্নছাড়া ফুটবল খেলে ব্রাজিলের হার

28


স্পোর্টস ডেস্ক

টানা ব্যর্থতার পর এই সপ্তাহেই ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছিল ব্রাজিল। তবে এক ম্যাচ পর ফের হারের স্বাদ পেল দলটি। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এবার প্যারাগুয়ের বিপক্ষে ছন্নছাড়া ফুটবল খেলে ১-০ গোলে হারল দরিভালের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে বাংলাদেশ সময় বুধবার সকালে খেলতে নামে ব্রাজিল। যেখানে বাছাইয়ে সবশেষ পাঁচ ম‍্যাচে এটি তাদের চতুর্থ হার।

এদিন পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের আক্রমণে ছিল না তেমন ধার। তিন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো ও এন্দ্রিকের খেলায় ছিল না তেমন কোনো সমন্বয়। ম‍্যাচে ৭১ শতাংশের বেশি সময় বল দখলে রাখলেও গোলের জন‍্য ৯ শট নিয়ে কেবল তিনটি লক্ষ‍্যে রাখতে পারে তারা। এর বিপরীতে প‍্যারাগুয়ের ৭ শটের দুটি ছিল লক্ষ‍্যে।

প‍্যারাগুয়ে এগিয়ে যায় ২০তম মিনিটে। হেডে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো বিপদ বাড়ান গাব্রিয়েল মাগালিয়াইস। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন দিয়েগো গোমেস।

আট ম‍্যাচে তৃতীয় এই হারের পর ১০ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ব্রাজিল। গোল পার্থক‍্যে তাদের চেয়ে পিছিয়ে ছয়ে আছে ভেনেজুয়েলা। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প‍্যারাগুয়ে।

আর্জেন্টিনা ১৮ পয়েন্ট নিয়ে চূড়ায়। তাদের হারিয়ে ব‍্যবধান কমিয়েছে কলম্বিয়া (১৬)। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে টানা দুটি ড্র করা উরুগুয়ে। ১১ পয়েন্ট নিয়ে চারে ইকুয়েডর।