স্পোর্টস ডেস্ক
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। চেন্নাইতে প্রথম টেস্টটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর। আর কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ উপলক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
চেন্নাই টেস্টের জন্য ঘোষিত এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার যশ দয়াল ও আকাশ দীপ। এছাড়া, দীর্ঘ প্রায় দুই বছর পর দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋশাভ পান্ত। বাংলাদেশ সিরিজের পরও ব্যস্ততা থামবে না ভারত দলের। এরপর তারা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের প্রথম টেস্টে নিজের বাছাই করা একাদশ জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হজ। নিজের ইউটিউব চ্যানেলে চেন্নাই টেস্টে ভারতের একাদশ নিয়ে অজিদের ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ স্কোয়াডের এই সদস্য বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারত যে একাদশ নিয়ে খেলবে- ওপেনিংয়ে জয়সোয়াল (যশস্বী) ও রোহিত শর্মা। তিনে গিল (শুভমান), চারে কোহলি (বিরাট), ডান হাতি-বাম হাতি কম্বিনেশন বজায় রাখতে পাঁচ নম্বরে খেলবেন (রবীন্দ্র) জাদেজা। (পরের স্থানে) সরফরাজ খান ও ঋশাভ পান্ত; এরপরে আসবেন বোলাররা। যেখানে আপনি পাচ্ছেন (রবিচন্দ্রন) অশ্বিন, কুলদীপ যাদব, (মোহাম্মদ) সিরাজ ও (জাসপ্রিত) বুমরাহকে।’
চেন্নাই টেস্টের ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল।











































