স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। স্বাগতিকদের দুই ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এবারের আগে তাদের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ জয়েরও রেকর্ড ছিল না। ঐতিহাসিক এই মুহূর্তের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের সহকারী ইনচার্জ শাহরিয়ার নাফিস এই তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশের সাবেক এই ওপেনার লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন।’
নাফিস পোস্টটির সঙ্গে একটি ছবি সংযুক্ত করে দিয়েছেন। যেখানে ফোন কানে রেখে কথা বলতে দেখা যাচ্ছে শান্তকে।
এর আগে রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের বিশাল জয় প্রথমবার বাংলাদেশকে এনে দিয়েছে টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ। আর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের অসামান্য এক জয় এল।











































