Home আঞ্চলিক কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক: মেয়াদ বাড়ে, শেষ হয় না কাজ

কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক: মেয়াদ বাড়ে, শেষ হয় না কাজ

120


কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকল্পটির মেয়াদ আড়াই বছর। চলে গেছে চার বছর। কাজ হয়েছে মাত্র ৪৫ শতাংশ। ঠিকাদারি প্রতিষ্ঠান টাকা তুলে নিয়েছে অর্ধেকের বেশি। এরই মধ্যে কাজটি তারা আর করতে পারবেন না জানিয়ে দিয়েছে। এমন ঘটনা ঘটেছে খুলনার কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পে।

অর্ধেকরও কম কাজ করে মোট বরাদ্দের বেশির ভাগ টাকা তুলে নিয়ে নেওয়ায় ওই প্রকল্পের কাজ শেষ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফের দরপত্র আহ্বানসহ অন্য প্রক্রিয়া শেষ করতে খরচ বেড়ে যাবে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া কাজের নামে সড়কের বিভিন্ন স্থানে খুঁড়ে ফেলে রাখায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় এ প্রকল্প বাস্তবায়নের জন্য মোজাহার এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। প্রতিষ্ঠানটির মালিক কাজী মোজাহারুল হক বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের আস্থাভাজন। গত ৫ আগস্ট সরকার পতনের পর কৌশলে নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি সরিয়ে নিয়ে চলে গেছে প্রতিষ্ঠানটি।

সওজ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ জানুয়ারি প্রকল্পের কাজ শুরু হয়। ২০২২ সালের ৩০ জুন কাজের সময়সীমা ধরা হলেও কয়েক দফা সময় বাড়ানোর সঙ্গে বরাদ্দও বাড়ানো হয়। ৬৫ কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পটির শুরুতে বরাদ্দ ছিল ৩৩৯ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার টাকা। পরে বাড়িয়ে ৩৭৯ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকা করা হয়। এখন পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৭৮ কোটি টাকা ছাড় করা হয়েছে। প্রকল্পের মধ্যে ছিল সড়ক প্রশস্ত, মজবুত ও ঝুঁকিপূর্ণ বাঁক সোজা করা, কালভার্ট নির্মাণ, রিজিড পেভমেন্ট নির্মাণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা।

সওজের উপসহকারী প্রকৌশলী আজিম কাওছার জানিয়েছেন, প্রকল্পের সর্বশেষ মেয়াদ চলতি বছরের ৩০ জুন শেষ হয়েছে। মেয়াদ বাড়াতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফের আবেদন করা হয়। তারা আর কাজ করবে না বলে ১৫ আগষ্ট চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে। এর পর থেকে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যাচ্ছে না।
স্থানীয়দর অভিযোগ, প্রকল্পের শুরুতেই অনিয়ম করেছে প্রতিষ্ঠানটি। ৩০টি বাঁক সরলিকরণের কাজ বাদ রেখে কিছু স্থানে কার্পেটিং করেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সেসব স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ৬৪ কিলোমিটার সড়কের অন্তত ৩০টি স্থানে ২০ কিলোমিটার কাজ অসমাপ্ত রাখায় সেখানে কাদা-পানি জমে একাকার হয়ে গেছে। চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

কয়রা উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন বলেন, কাজ অসমাপ্ত রেখে টাকা তুলে নিয়ে পালিয়ে যাওয়া অন্যায়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অর্থ ফেরত আনা জরুরি।

এ বিষয়ে কথা বলতে ঠিকাদার কাজী মোজাহারুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

প্রকল্প পরিচালক ও সওজের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দীন বলেন, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রকল্পের কাজ চলমান রাখার বিষয়টিও জানানো হয়েছে। সিদ্ধান্ত এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।