পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় দেলুটির কালিনগনের ভদ্রা নদীর ভেঙ্গে যাওয়া বাঁধ ৫দিন পর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নির্মান কাজ সম্পন্ন হয়েছে।সোমবার সকালে প্রায়৩/৪হাজার মানুষের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক ও দেলুটি ইউপি’র চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের নেতৃত্বে ওই বাঁধ সম্পন্ন হয়।
জানা যায়,গত ২২ আগস্ট উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার ভেঁড়িবাঁধ ভেঙ্গে যায়।ফলে প্লাবিত হয় ওই এলাকার ১৩ টি গ্রাম। উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং দেলুটি ও সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান হাজার হাজার মানুষ নিয়ে ভেঙ্গে যাওয়া বাঁধ নির্মানের জন্য গত ৪ দিন ধরে চেষ্টা করে। কিন্তু প্রবল জোয়ারের পানিতে নির্মান বাঁধ ভেঙ্গে যায়। সর্বশেষ সোমবার সকালে এস এম এনামুল হকের নেতৃত্বে দুই ইউনিয়নের প্রায় ৪হাজার মানুষ নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ নির্মান করতে সক্ষম হয়।
সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন,আমার ইউনিয়ন না হলেও আমি সব সময় অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাওয়ার চেষ্টা করি। তাই দেলুটির কালিনগর এলাকার ভাঙ্গনটি বাঁধতে আমার ইউনিয়নের হাজার হাজার লোক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সহযোগিতা করেছে। তিনি আরো বলেন,বিগত দিনে দেলুটি ইউনিয়নবাসির পাশে ছিলাম। তাই আজ ও তাদের পাশে থেকে ভেঙ্গে যাওয়া বাঁধটি বেঁধেছি। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন,আমার পার্শ্ববর্তী ইউনিয়ন সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যানের সহযোগিতায় আমরা ভেঙ্গে যাওয়া বাঁধটি বাঁধতে পারায় তাকে ইউনিয়নবাসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,পানি উন্নয়ন বোর্ড ও স্হানীয় দুই চেয়ারম্যানের সহযোগিতায় বাঁধটি সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি মানুষের দুর্ভোগ লাঘব হবে।











































