স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে যান খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অধিকাংশ কাউন্সিলর। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দুই সপ্তাহ ধরে অনেকে খুলনায় ফিরেছেন। তবে বেশির ভাগই এলাকায় বা কাউন্সিলর কার্যালয়ে যাচ্ছেন না। এতে সেবাবঞ্চিত হচ্ছেন ওয়ার্ডের বাসিন্দারা। এমন অবস্থার মধ্যে কেসিসির ১৮ কাউন্সিলরের বিরুদ্ধে নতুন করে দুটি মামলা হয়েছে। এ খবরে আবার গা ঢাকা দিয়েছেন কাউন্সিলররা। এতে নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার পথে লাখো মানুষ।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত কেসিসি নির্বাচনে নগরীর ৩১টি সাধারণ ওয়ার্ডের ৩০টিতে আওয়ামী লীগ সমর্থিতরা জয় পান। শুধু ১২ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শফিকুল আলম কাউন্সিলর নির্বাচিত হন। সংরক্ষিত ১০টি ওয়ার্ডের মধ্যে ৯ নম্বর ওয়ার্ডে বিএনপিসমর্থিত মাজেদা খাতুন ছাড়া অন্য ৯টিতে জয় পান মহিলা আওয়ামী লীগ নেত্রীরা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অধিকাংশ কাউন্সিলর আত্মগোপনে চলে যান। অনেকের বাড়িতে হামলা, লুটপাটের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় ১৯টি ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়। এর মধ্যে ১৭ ও ২৮ নম্বর কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। ১০ আগস্টের পর থেকে কাউন্সিলররা খুলনায় ফিরতে শুরু করেন। তবে অর্ধেকের বেশি কাউন্সিলর নিজ এলাকা ও কার্যালয়ে যাচ্ছেন না। এর মধ্যে শুক্রবার খালিশপুর থানায় দুটি মামলা করেন ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টু। মামলা দুটিতে কেসিসির ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১০, ১১, ১৩, ১৫, ১৮, ১৯, ২৪, ২৫, ২৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে আসামি করা হয়েছে। এর ফলে শনিবার থেকে কাউন্সিলররা আবার গা ঢাকা দিয়েছেন।
সিটিজেন চার্টার অনুযায়ী, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে জন্মনিবন্ধন সনদ, সংশোধন, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, উত্তরাধিকার সনদ, ভূমিহীন সনদ দেওয়া হয়। প্রতিটি সনদে ওয়ার্ড কাউন্সিলরদের স্বাক্ষর প্রয়োজন। কাউন্সিলররা আত্মগোপনে থাকায় নাগরিকরা সেবা পাচ্ছেন না। কয়েকটি ওয়ার্ডে সচিবরা আত্মগোপনে থাকা কাউন্সিলরদের কাছে গিয়ে স্বাক্ষর নিয়ে আসছেন। তবে এতে স্বাভাবিকের চেয়ে সময় লাগছে বেশি।
২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল আহসান টিটো ১২ আগস্টের পর এলাকায় ফেরেন। তিনি বলেন, কাউন্সিলর কার্যালয়টি ভাঙচুর করে এমনভাবে পুড়িয়ে দিয়েছে যে তা ব্যবহার উপযোগী নেই। বাড়িতে বসেই প্রয়োজনীয় সনদ দিচ্ছি। মামলার বিষয়টি শুনেছি। অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।
খুলনা সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, বর্তমান বাস্তবতায় কাউন্সিলরদের আত্মগোপন ও ফিরে আসা চলতেই থাকবে। জনগণ যাতে সেবাবঞ্চিত না হয়, সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এর বিকল্প ভাবতে হবে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, কার্যালয়গুলো ব্যবহার উপযোগী করে সেবা কার্যক্রম চালুর জন্য আগেই নির্দেশ দেওয়া হয়েছে। বেশির ভাগ ওয়ার্ডেই সেবা কার্যক্রম চলছে। কাউন্সিলরদের আত্মগোপনের বিষয়টি জানা নেই।











































