স্পোর্টস ডেস্ক
টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে দাপুটে বোলিং শুরু করেছিল বাংলাদেশ। মাত্র ১৬ রানের মধ্যেই স্বাগতিকদের ৩ উইকেট তুলে নিয়েছিলেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। তবে সেখান থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাকিস্তানকে বিপদ থেকে উদ্ধার করছেন ওপেনার সাইম আইয়ুব ও পাঁচে নামা সৌদ শাকিল।
১৬ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান আর কোনো উইকেট না হারিয়ে ৮১ রান তুলে গেছে চা বিরতিতে। সাইম আইয়ুব ৪২ রানে আর শাকিল অপরাজিত আছেন ২৮ রানে।
রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় টস হতে অনেক বিলম্ব হয়েছে আজ। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও টসই হয়েছে বিকেল তিনটায়। টস জিতে ফিল্ডিং বেছে নিতে দেরি করেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন আবদুল্লাহ শফিক ২ রানে, অধিনায়ক শান মাসুদ ৬ রানে ও দলের সেরা ব্যাটার বাবর আজম আউট হয়েছেন কোনো রান করার আগেই। এর মধ্যে শফিকের উইকেট নিয়েছেন হাসান আর মাসুদ ও বাবরকে ফিরিয়েছেন শরিফুল।
বাংলাদেশের একাদশে আজ ইনজুরি আক্রান্ত ওপেনার মাহমুদুল হাসান জয়ের জায়গায় ফিরেছেন সাদমান ইসলাম। প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিনি। পেসারদের মধ্যে খালেদ আহমেদ বাদ পড়েছেন, তার জায়গায় খেলছেন দীর্ঘদেহী আরেক পেসার নাহিদ রানা।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।










































