Home খেলাধুলা বাংলাদেশকে স্বাগত জানাবে নিউজিল্যান্ড

বাংলাদেশকে স্বাগত জানাবে নিউজিল্যান্ড

10

ক্রীড়া প্রতিবেদক

ভিন্ন ভিন্ন দ্বিপাক্ষিত সিরিজে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে স্বাগত জানানোর মাধ্যমে নিজেদের দেশে ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেসি)। এছাড়া নিউজিল্যান্ড নারী দলেরও দুই সিরিজের ব্যাপারে সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছে দেশটির ক্রিকেট বোর্ড।
বর্তমানে বায়ো সিকিউর বাবল তৈরির বিষয়ে নিউজিল্যান্ড সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছে ক্রিকেট বোর্ড। প্রতিটি সফরকারী দল নিউজিল্যান্ডে খেলতে গেলে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে, এমনটা ধরেই এগুচ্ছে এনজেসির পরিকল্পনা। এক্ষেত্রে তারা অনুসরণ করতে চাইছে ইংল্যান্ডে বায়ো সিকিউর মডেল। বায়ো সিকিউর মডেল ব্যবহারের মাধ্যমে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্ট ও আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলে ফেলেছে ইংল্যান্ড। এখন চলছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। সফলভাবেই তারা এসব সিরিজ আয়োজন করছে বিধায় নিউজিল্যান্ডও এই মডেল ব্যবহার করার পক্ষে।
এনজেসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট নিশ্চিত করেছে, বাংলাদেশসহ অন্তত চারটি দেশ শিগগিরই যাবে নিউজিল্যান্ড সফরে। অকল্যান্ডে সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ‘আমাদের পরিস্থিতির অভাবনীয় উন্নতি হচ্ছে। ফোনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সফরের কথা নিশ্চিত করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশও আসবে। সব মিলে ৩৭ দিনের আন্তর্জাতিক ক্রিকেট চলবে।’
তিনি আরও যোগ করেন, ‘নারী দল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে। পরে আবার অস্ট্রেলিয়া নারী দল আগামী ফেব্রুয়ারিতে পাঁচ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আসবে। সরকারি সংস্থাগুলোর সঙ্গে এসব সফরের ব্যাপারে কাজ করে যাবো আমরা। তাদের সমর্থন এখন খুব কাজে দেবে।’
নিউজিল্যান্ডের বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম মোতাবেক ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান যাবে টেস্ট, টি-টোয়েন্টি খেলতে। বাংলাদেশ খেলবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি আর অস্ট্রেলিয়ার সফরে থাকবে শুধু টি-টোয়েন্টি সিরিজ। যদিও কোনো সিরিজের সূচিই এখনও পর্যন্ত চূড়ান্ত করেনি এনজেসি।

আবাসিক ক্যাম্পের জন্য যুবাদের প্রাথমিক দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্ব জয়ের নেপথ্য গল্প সবারই জানা। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ক্যাম্প এবং পর্যাপ্ত ম্যাচ খেলার কারণে প্রস্তুতি ও অভিজ্ঞতার ঝুলি দারুণ সমৃদ্ধ হয়েছিল আকবর আলীদের। যা কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকায় নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করে বাংলাদেশ যুবারা।
বিশ্বজয়ের পথটা চেনা হয়ে গেছে, ২০২২ যুব বিশ্বকাপেও শক্তিশালী দল পাঠাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চার সপ্তাহের আবাসিক ক্যাস্প আয়োজন করেছে বিসিবি। ক্যাম্পের জন্য সোমবার ৪৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে ২৩ আগস্ট থেকে বিকেএসপিতে শুরু হবে স্কিল ক্যাস্প। চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে ফিটনেস ট্রেনিং সেশন করে করোনা পরীক্ষার মাধ্যমে যুব ক্রিকেটারদের ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হবে। আগামী ১৫ থেকে ১৯ আগস্টের মধ্যে করোনা পরীক্ষা করা হবে সব ক্রিকেটারের। ক্যাম্প চলাকালীন ৮টি অনুশীলন ম্যাচ খেলবে এই ৪৫ ক্রিকেটার। ম্যাচগুলো ৮, ৯, ১১, ১২, ১৪, ১৫, ১৭ ও ১৮ সেপ্টেম্বর বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে অনূর্ধ্ব-১৯ দল গঠন করা হবে।
গ্রুপ-১: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, মো. হাবিবুর রহমান, সানিদুর রহমান, বায়জিদ মিয়া, শাহরিয়ার আলম মাহিন, মোস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়, আশরাফুল ইসলাম সিয়াম, মো. আশরাফুল হাসান রোহান ও হাসিব হাওলাদার।
গ্রুপ-২: অনিক চাকি, অনিক সরদার সেতু, ইমন আলী, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, মো. জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত ও আরাফাত ইসলাম।
গ্রুপ-৩: সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন আহিম, আবদুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লা, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী সুমন, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মইনুল হাসান।

বাফুফের নির্বাচন ৩ অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক

স্থগিত থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী ৩ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বাফুফে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় গত ৩০ এপ্রিল। বাফুফে এপ্রিলের ২০ তারিখ নির্বাচনের দিন ধার্য করেছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।
ফিফা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার ক্ষমতা প্রদান করে এবং করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশনা দেয়। সোমবার সরকার স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণের অনুমতি দিয়েছে। সরকারের এ সিদ্ধান্ত নেয়ার পর বাফুফে নির্বাচন আয়োজনের নতুন তারিখ নির্ধারণ করলো।

নভেম্বরে ফিরছে মেয়েদের ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে বন্ধ মেয়েদের ফুটবল লিগ। আগামী সেপ্টেম্বরে আবারও শুরু হওয়ার কথা ছিল প্রতিযোগিতাটি। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তখনও লিগ শুরু করতে পারছে না বাফুফে। নতুন সময় হিসেবে নভেম্বর ধরে এখন পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে।
দীর্ঘ ৬ বছর পর গত ফেব্রুয়ারিতে মেয়েদের ফুটবল লিগ শুরু হয়েছিল। কিন্তু সাত দলের এই প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ হতে না হতেই করোনাভাইরাসের থাবায় তা বন্ধ হয়ে যায়। মেয়েদের লিগে বসুন্ধরা কিংস ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাসরিন স্পোর্টিং কাব। লিগের আগে মেয়েদের বয়সভিত্তিক দলের ক্যাম্প শুরু করবে বাফুফে। মাহফুজা বললেন, ‘অক্টোবরে মেয়েদের আবাসিক অনুশীলন করতে চাই। কাবের হয়ে যারা খেলছে তারা তো কাবেই চলে যাবে। বাকি যারা থাকবে তাদের নিয়ে হবে ক্যাম্প।’

পিছিয়ে গেল লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর

ক্রীড়া প্রতিবেদক

লঙ্কান প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর পিছিয়ে গেল। যেটি এ বছরের ২৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মাঠে গড়ানোর কথা ছিল। তবে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত হয়ে এখন নভেম্বরে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেটের এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
সেখানে বলা হয়, ‘স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে এসএলসি ও দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এক আলোচনায় বসে এমন সিদ্ধান্ত নিয়েছে। ’এবারের আসরে পাঁচটি দলের অংশগ্রহণের কথা রয়েছে। শ্রীলঙ্কার শহরের নামে দলগুলো হলো, কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা। যেখানে ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে যথাক্রমে প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, রানগিরি ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও সুরিয়াওয়েওয়া মাহিন্দা রাজাপাকসে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

লুকাকুর রেকর্ডে শেষ চারে ইন্টার

ক্রীড়া প্রতিবেদক

ইউরোপা লিগে রেকর্ড গড়লেন রোমেলু লুকাকু। টুর্নামেন্টে টানা নয় ম্যাচে পেলেন গোলের দেখা। বেলজিয়ান তারকার রেকর্ড করা গোলেই বায়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে ইন্টার মিলান।
দুসেলদর্ফের কোয়ার্টার ফাইনাল ম্যাচের ১৫তম মিনিটে নিকোলা বেরেলা ২০ গজ দূর থেকে দুরন্ত শটে ইন্টারকে লিড এনে দেন। পাঁচ মিনিট বাদেই গোল ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। তিন মিনিট বাদে লেভারকুসেনকে একটি গোল এনে দেন কাই হাভার্টজ। চলতি মৌসুমের ৩১তম গোলের দেখা পেলেন লুকাকু। প্রথম খেলোয়াড় হিসেবে উয়েফা কাপ বা ইউরোপা লিগের টানা ৯ ম্যাচে গোল করার কৃতিত্ব গড়লেন এ তারকা ফরওয়ার্ড। যদিও তার পাঁচ ম্যাচ ২০১৪-১৫ মৌসুমে এভারটনের হয়ে খেলা। প্রথমার্ধ ও ইনজুরি টাইমে দুটি পেনাল্টি পেয়েছিলেন লুকাকু। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দুটি পেনাল্টিই বাতিল করে দেন। দুসেলদর্ফে ১৭ আগস্ট শেষ চারের লড়াইয়ে কোচ অ্যান্তোনিও কন্তের দল লড়বে শাখতার দোনেৎস্ক বা বাসেলের বিপক্ষে।

ফার্নান্দেসের পেনাল্টি গোলে সেমিতে ম্যানইউ

ক্রীড়া প্রতিবেদক

পুরো ৯০ মিনিট দুর্ভেদ্য দুর্গ তৈরি করে রেখেছিল কোপেনহেগেনের রক্ষণভাগ। তাই তো নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু অতিরিক্ত সময়ের শুরুতেই (৯৫তম মিনিটে) ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। ব্রুনো ফার্নান্দেসের পেনাল্টি গোলের সুবাদে ১-০ ব্যবধানে ইউরোপা লিগের সেমিফাইনালের টিকিট পেয়ে যায় কোচ ওলে গুনার সোলসজায়েরের দল।
কোলনের গরমে প্রথমার্ধটা যাচ্ছে তাই বাজে খেলেছে রেড ডেভিলরা। যদিও পেনাল্টির সঙ্গে একটি গোলও বাতিল করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। দ্বিতীয়ার্ধে মাঠের পারফরম্যান্সে উন্নতি করে ইউনাইটেড। আধিপত্য বিস্তার করে খেলেও লাভ হয়নি। প্রতিপক্ষের উজ্জীবিত গোলরক্ষক কার্ল-জোহান জনসনের চোখ ফাঁকি দেওয়া যায়নি। ফার্নান্দেস ও ম্যাসন গ্রীনউডের জোরালো শট আঘাত করে পোস্টে। আর মার্কাস রাশফোর্ডের গোল প্রচেষ্টা বাতিল করে দেন রেফারি। কোপেনহেগেনের পোস্টে দুর্দান্ত খেলেছেন জনসন। ১৩টি গোল প্রচেষ্টা রুখে দিয়েছেন তিনি। গোল মুখে শটের বৃষ্টি ঝরিয়েছে ম্যানইউ। শট নিয়েছে সব মিলিয়ে ২৬টি। কিন্তু ড্যানিশ রানার-আপ দলটি একটি শটও টার্গেটে ছুড়তে পারেনি।

এক গোলে দুই রেকর্ড লুকাকুর

ক্রীড়া প্রতিবেদক

ইন্টার মিলানের হয়ে নিজের অভিষেক মৌসুমটা একের পর এক রেকর্ডে সাজিয়ে রাখছেন বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু। ইন্টার মিলান ইতালিয়ান সিরি ‘আ’ জিততে না পারলেও, লুকাকু ছিলেন স্বপ্রতিভ। এছাড়া উয়েফা ইউরোপা লিগেও দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছেন তিনি।
সবশেষ সোমবার রাতে লুকাকুর দারুণ পারফরম্যান্সের সুবাদে বেয়ার লেবারকুসেনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার, পৌঁছে গেছে ইউরোপা লিগের সেমিফাইনালে। ম্যাচে একটি গোল করেছেন লুকাকু। এই গোলের মাধ্যমে হয়েছে দুইটি রেকর্ড। ইউরোপা লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা নয় ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন লুকাকু। টুর্নামেন্টের চলতি আসরে ইন্টার মিলানের হয়ে টানা ছয় ম্যাচে গোল করেছেন তিনি। ইন্টারের হয়ে আর কোনো খেলোয়াড় টানা ছয় ম্যাচে গোল করতে পারেননি। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে শেষ তিন ম্যাচে টানা গোল করেছিলেন লুকাকু।

স্টোকসের পর সরে গেলেন লরেন্স

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বেন স্টোকস। এবার আত্মীয়ের মৃত্যুর কারণে সিরিজ থেকে সরে গেছেন এখনও অভিষেক না হওয়া ব্যাটসম্যান ড্যান লরেন্স। ইতোমধ্যেই তিনি ইংল্যান্ডের জীবাণু সুরক্ষিত পরিবেশ ছেড়ে গেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজেও দলের সঙ্গে ছিলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু খেলার সুযোগ হয়নি। পাকিস্তানের বিপক্ষেও তাকে দলে রাখা হয়েছিল রিজার্ভ ব্যাটসম্যান হিসেবে। বয়স খুব বেশি না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক অভিজ্ঞ লরেন্স। এই ফরম্যাটে ৭০টি ম্যাচ খেলেছেন। বেশির ভাগই খেলেছেন তার কাউন্টি দল এসেক্সের হয়ে। ৩৮.৪২ গড়ে তার সংগ্রহ ৩ হাজার ৮০৪ রান। সেঞ্চুরি আছে ১০টি।

জন্মশহরে ৫০টি ভেন্টিলেটর দিলেন মেসি

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নস লিগে সেমির লড়াইয়ে এখন পুরোপুরি মনোযোগ লিওনেল মেসির। তাই বলে নিজের সামাজিক দায়িত্ব পুরোপুরি ভুলে যাবেন এমন মানুষ নন তিনি। করোনার শুরু থেকেই সহায়তার হাতটি প্রশস্ত করেছেন। নিজ দেশ আর্জেন্টিনাকেও নানাভাবে সহযোগিতা করছেন। করোনায় ভুগতে থাকা তার দেশের স্বাস্থ্যখাতে এবার ৫০টি ভেন্টিলেটরের জন্য অর্থ সাহায্য দিয়েছেন বার্সেলোনার এই প্রাণভোমরা।
দক্ষিণ আমেরিকায় করোনা পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। ফলে হাসপাতালগুলো পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। ভেন্টিলেটরের অভাবও ভোগাচ্ছে সেখানকার হাসপাতালগুলোকে। মেসি তাই নিজের জন্ম শহর রোজারিওকে বেছে নিয়েছেন এই সহযোগিতার জন্য। গত শুক্রবার তার দেওয়া ৫০টি ভেন্টিলেটরের মধ্যে সেখানে পৌঁছে গেছে ৩২টি। মে মাসেও মেসির ফাউন্ডেশন থেকে কৃত্রিম ভেন্টিলেটর দান করা হয়েছিল।

জুভেন্টাস ছাড়তে পারেন রোনালদো

ক্রীড়া প্রতিবেদক

জুভেন্টাসের সবচেয়ে দামী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চলতি বছরে। তারপরেই জানা যাচ্ছে, এবার পিএসজিতে যেতে পারেন সিআর সেভেন। এমনই গুজব ছড়িয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে পরপর দুবছর দলের খারাপ পারফরম্যান্সের কারণেই জুভেন্টাস ছাড়ার কথা ভাবছেন রোনালদো। সূত্রের খবর, শীঘ্রই এই বিষয়ে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিস কথা বলবেন পিএসজি কর্মকর্তাদের সঙ্গে।
টানা ৯ বার সিরি ‘এ’ জিতলেও ২০১৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটেও উঠতে পারেনি তুরিনের কাবটি। রোনালদোর জোড়া গোলে লিঁও’র বিরুদ্ধে ফিরতি ম্যাচ জিতলেও অ্যাওয়ে গোলের বিচারে ছিটকে গিয়েছেন রোনালদোরা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে দল ছিটকে যাওয়ায় অখুশি রোনালদো। তাঁর চির প্রতিপক্ষ মেসির বার্সিলোনা চলে গিয়েছে শেষ আটে। তাই জুভেন্টাস ছাড়ার কথা ভাবছেন পর্তুগিজ তারকা। জল্পনা আগামী কয়েকদিনের মধ্যেই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে আলোচনায় বসবেন তাঁর এজেন্ট। সেখানেই ঠিক হতে পারে রোনালদোর ভবিষ্যৎ। এদিকে রোনালদোকে নিলে হয়ত নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি।

ব্রডের শাস্তি

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় জরিমানা করা হয়েছে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে। একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।
আইসিসি গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আচরণবিধি ভাঙায় ব্রডের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ইংল্যান্ডের ৩ উইকেটে জেতা ম্যাচে শনিবার পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৪৬তম ওভারের ঘটনা এটি। ইয়াসির শাহকে আউট করার পর অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন ব্রড। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন স্টুয়ার্ট ব্রড। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ব্রডের নামের পাশে এখন তিনটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধি অনুযায়ী, দুই বছর সময়ের মধ্যে কোনো ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির যেটি আগে আসে, সেটিতে নিষিদ্ধ থাকবেন।