স্পোর্টস ডেস্ক।।
সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। গতকাল বৃহস্পতিবার ৪১ বছর বয়সী এই তারকা এমন সিদ্ধান্তের কথা জানান।
এর ফলে গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই হয়ে রইল পেপের ক্যারিয়ারের শেষ ম্যাচ। সেই ম্যাচে টাইব্রেকারে বিদায় নিয়েছিল পর্তুগাল। তিনি ইউরোর মূলপর্বে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডও গড়েন।
পেপে পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন। যেখানে ২০১৬ ইউরো জিতেছেন। তার ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে সোনালি সময় কেটেছে। ১০ মৌসুম মাদ্রিদের ক্লাবটিতে কাটিয়ে জিতেছেন তিনটি লা লিগার শিরোপা এবং তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন দুবার।
এর আগে পর্তুগালের ক্লাব পোর্তো থেকে ২০০৭ সালে রিয়ালে যোগ দেন পেপে। ২০১৭ সালে রিয়াল ছেড়ে বেসিকতাসে যোগ দেন। দুই মৌসুম তুর্কি ক্লাবটিতে খেলে ২০১৯ সালে ফিরে যান পর্তুগিজ ক্লাব পোর্তোয়। এ ক্লাবের হয়ে দুই মেয়াদে মোট চারবার প্রিমেরা লিগ জিতেছেন পেপে।











































