স্পোর্টস ডেস্ক।।
কোটা সংস্কার আন্দোলনে বহু হতাহতের পর দেশজুড়ে এখন তুমুল বিক্ষোভ চলছে। আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবিও ঘোষণা করা হয়েছে।
ছাত্রদের এই আন্দোলনে আগেই বিভিন্ন পেশার মানুষ একাত্বতা প্রকাশ করেছেন। যেখানে ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটাররা। এবার আন্দোলনকে ঘিরে দ্বিতীয়বারের মতো মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা মাহমুদউল্লাহ রিয়াদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে রিয়াদ লিখেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্শাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’
মাহমুউল্লাহ এর আগে গত ১৭ জুলাই লিখেছিলেন, আসসালামু আলাইকুম।বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনো ভাবেই কাম্য নয় কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য।ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমীন।











































