Home খেলাধুলা শাহরুখের সঙ্গে ‘ঝগড়া’ নিয়ে মুখ খুললেন পাঞ্জাবের মালিক

শাহরুখের সঙ্গে ‘ঝগড়া’ নিয়ে মুখ খুললেন পাঞ্জাবের মালিক

22


স্পোর্টস ডেস্ক

আইপিএল ২০২৫ আসর শুরুর আগেই মেগা নিলাম নিয়ে পরিকল্পনা সেরে রাখতে চাইছিল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর জন্য আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি। তবে এই বৈঠকে দেখা গেছে মতানৈক্য।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মতো ফ্র্যাঞ্চাইজি যায় ৭-৮ জন খেলোয়াড় ধরে রাখতে। অন্যদিকে, পাঞ্জাব কিংসের মতো দল চায়, খেলোয়াড় ধরে রাখার সংখ্যা যত কমানো যায়। বিসিসিআইয়ের সচিব জয় শাহের সঙ্গে এই বৈঠকে মতানৈক্য দেখা যায় কলকাতার যৌথ মালিক শাহরুখ ও পাঞ্জাবের যৌথ মালিক নেস ওয়াদিয়ার মধ্যে।

শাহরুখের সঙ্গে সেই মতানৈক্য নিয়ে পরে ক্রিকবাজের সঙ্গে এক সাক্ষাৎকারে ওয়াদিয়া জানান, শাহরুখের সঙ্গে সেই বাক্য-বিনিময়টি শুধু বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দুজনের মধ্যে কোনো শত্রুতা নেই।

ওয়াদিয়া বলেন, ‘আমি শাহরুখ খানকে ২৫ বছরেরও বেশি সময় ধরে চিনি। এখানে কোনো শত্রুতার ব্যাপার নেই। সবাই সবার মতামত দিয়েছে এবং তাদের নিজস্ব বক্তব্য ছিল। দিনশেষে, আপনাকে সব স্টেকহোল্ডারদের দিকেই তাকাতে হবে এবং সবার জন্য যেটা ভালো হয় সেটাই করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শাহরুখ মূলত ২০২৫ সালের আইপিএলের আগে মেগা নিলামের পক্ষেই না। তবে সবকিছু ঢেলে সাজানোর পক্ষে ওয়াদিয়া। মেগা অকশন চান দিল্লির ক্যাপিটালসের যৌথ মালিক পার্থ জিন্দালও।

তার ভাষ্যমতে, ‘আমি বিস্মিত হয়েছি। সেখানে কিছুটা বিতর্ক ছিল। কয়েকজন বলছেন, মেগা নিলাম হওয়ারই দরকার নেই, ছোট নিলাম হলেই হবে। আমি সেই দলে নেই।… এটা আইপিএল যেমন (মেগা নিলামে) সেটিই ফুটে উঠবে এতে। এটা প্রতিযোগিতা বাড়ায়।’