স্পোর্টস ডেস্ক
২০১৬ সালে ১২ বছরের এক ব্রিটিশ শিশুকে ধর্ষণের অভিযোগে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল নেদারল্যান্ডসের বিচ ভলিবল তারকা স্টিভেন ডি ভেলডেকে। প্যারিস অলিম্পিকে আজ খেলতে নামার পর তার উদ্দেশে দুয়োধ্বনি দিয়েছেন দর্শকরা।
প্যারিসের আইফেল টাওয়ার স্টেডিয়ামে হেরে গেছেন ১০ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা ভেলডে ও তার সতীর্থ মাথিউ ইমারস। তারা হেরেছেন ২৫ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা ইতালির অ্যালেক্স রাঘিয়েরি ও আদ্রিয়ান কারাম্বুলার কাছে।
আগামী ৩১ জুলাই আবারও মাঠে নামবেন ভেলডে-ইমারস। সেই ম্যাচে চিলির মার্কো ও এস্তেবান গ্রিমালতের বিপক্ষে খেলবেন তারা।
অলিম্পিকে ২৯ বছর বয়সী ভেলডেকে নিষিদ্ধ করার জন্য অনলাইনের এক পিটিশনে স্বাক্ষর করেছিলেন ৯০ হাজার মানুষ। ডাচ দলে তাকে রাখায় সমালোচনা করেছেন বিভিন্ন নারী ও সুরক্ষা গোষ্ঠী।
প্রসঙ্গত, অলিম্পিক ভিলেজে থাকছেন না ভেলডে। এছাড়া ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখিও হবেন না তিনি। তাকে ঘিরে ছিল বাড়তি নিরাপত্তা। এর আগে ডাচ মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেলডে বলেছিলেন, ‘আমি এটাকে অস্বীকার করতে পারব না, তাই আমাকে এর পরিণতি ভোগ করতে হবে। এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’










































