Home আন্তর্জাতিক ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের শঙ্কা

ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে বড় সংঘাতের শঙ্কা

25


আন্তর্জাতিক ডেস্ক।।

ইসরায়েল অবরুদ্ধ গোলান মালভূমিতে ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে সংঘাতের দানা বাঁধতে শুরু করেছে। ওই হামলা ১২ জন শিশু-কিশোর প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের দাবি, লেবাননভিত্তিক সংশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। তাই অনেকদিন ধরে বিচ্ছিন্নভাবে সংঘাতে থাকা দুইপক্ষের মধ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যে ফুটবল মাঠে হামলার জবাব দিয়েছে ইসরায়েল। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, তারা লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে। তবে এই বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ইতিমধ্যে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে ইরানও ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে ‘নতুন অ্যাডভেঞ্চার’ করে তাহলে পরিণতি যা হবে সেটির দায়ভার সব ইসরায়েলের উপর যাবে।