স্পোর্টস ডেস্ক।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন জোড়া মাইলফলক গড়লেন জো রুট। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার আজ শনিবার লাঞ্চের আগে টেস্ট ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। পাশাপাশি তিনি টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকেও টপকে গেলেন।
চলমান বার্মিংহাম টেস্টের আগে রুটের রান ছিল ১১,৯৪০। শনিবার তিনি ১৪ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে লারাকে টপকে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সপ্তম স্থানে উঠে এলেন। শুক্রবার ২ রানে অপরাজিত ছিলেন ইংল্যান্ডের ব্যাটার। লাল বলের ক্রিকেটে ১৩১টি ম্যাচ খেলে লারা ১১,৯৫৩ রান করেছিলেন।
সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে শচীন টেন্ডুলকারের। তিনি ২০০টি টেস্ট খেলে করেছিলেন ১৫৯২১ রান। রিকি পন্টিং তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের ১৬৮ ম্যাচে সংগ্রহ ১৩৩৭৮ রান। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক কালিস। তিনি ১৬৬টি টেস্ট খেলে করেছেন ১৩২৮৯ রান। চতুর্থ স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি ১৬৪টি টেস্ট খেলে ১৩২৮৮ রান করেছেন। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ১৬১ টেস্টে ১২৪৭২ রান করেছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের প্রথম ইনিংসে ২৮২ রানের জবাবে ইংল্যান্ড ৫৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছে। তারা এখন ২৬ রানে পিছিয়ে রয়েছে।











































