বিনোদন ডেস্ক
পাশের বাসার সুন্দরী মেয়েটি, বেকার নায়কের প্রেমিকা কিংবা কর্মজীবী নারী–এমন হরেক রকম চরিত্রে সাবিলা নূরকে দেখা গেছে। এ অভিনেত্রীর এক দশকের ক্যারিয়ারে নিজেকে বহুমাত্রিক চরিত্রে রূপদানের চেষ্টা প্রতিনিয়ত। টিভি নাটকের ব্যতিক্রমী চরিত্রে এখন তাঁর সরব উপস্থিতি, ওটিটি দুনিয়ারও অপরিহার্য অভিনেত্রী হয়ে উঠেছেন দিন দিন। আষাঢ়ের ইলশেগুঁড়ি বৃষ্টির এক বিকেলে নিজের কাজ ও অন্যান্য বিষয়ের ঝাঁপি খুলে দিলেন সাবিলা। বললেন চেনা ছকের বাইরে ম্যারাথন গতিতে হেঁটে চলার আদ্যোপান্ত। তাঁকে নিয়ে লিখলেন অনিন্দ্য মামুন
ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া হইচইয় প্ল্যাটফর্মের অন্যতম আলোচিত সিরিজ ‘গোলাম মামুন’। শিহাব শাহীন পরিচালিত যে সিরিজে অভিনেতা অপূর্ব তাঁর চিরচেনা খোলস ছেড়ে বের হয়ে এসেছেন। সিরিজে গোলাম মামুনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছেন রাহী চরিত্রটি। সাবিলা নূর এ চরিত্রটি হয়ে উঠতে পেরেছেন বেশ ভালোমতোই। সাবিলা বললেন, ‘সিরিজটিতে একই পরিস্থিতিতে পুরুষ ও নারীর স্ট্রাগলের ভিন্নতার কথা খুব সাধারণভাবে বলতে চেয়েছেন পরিচালক। আমার মতে সেটি তিনি বেশ ভালোভাবেই পেরেছেন। ফলে দর্শকরাও সিরিজটির চরিত্রগুলোকে গ্রহণ করেছেন। এতে রাহী চরিত্রটির জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে যেগুলো আগে কখনও করিনি। দর্শক সিরিজটা দেখার পর সেটি আন্দাজ করতে পেরেছেন। ফলে রাহীকে তারা ভালোভাবেই গ্রহণ করেছেন।
অপূর্ব, নিশো আর মেহজাবীনরা এক সময় মাসের ২৫ দিনই নাটকের শুটিংয়ে ব্যস্ত থেকেছেন। সেই তারা এখন নাটকে নেই। ঝুঁকেছেন ওটিটিতে, সিনেমায়। অপূর্বকে নাটকে দেখা গেলেও নিশো-মেহজাবীন তো একেবারেই নেই। ধারণা ছিল মেহজাবীন ও তাসনিয়া ফারিণরা হয়তো নিয়মিত থাকবেন। দেখা গেল তারাও কম করছেন নাটক। ধীরে ধীরে ঝুঁকলেন ওটিটির দুনিয়ায়। তবে সাবিলা নূর নাটক করছেন তা সংখ্যায় খুবই কম। সেটি চিরচেনা ছকের বাইরে। ব্যতিক্রমী গল্পে। কেন রোমান্টিক নাটকে নেই এই অভিনেত্রী, কেনো পাশের বাড়ির মিষ্টি মেয়েটির চরিত্রে আর তাঁকে পাওয়া যাচ্ছে না? প্রশ্ন অনেক অনুরাগীর। সাবিলা বললেন, ইচ্ছে করে কিন্তু নাটক কমানো হয়নি। একটা সময় এসে দেখলাম স্টোরি নির্মাণে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। একই টাইপ স্টোরি, একই টাইপ চরিত্র। এখান থেকে আমি সচেতন হয়েই সিদ্ধান্ত নিয়েছিলাম কাজ না করার। কারণ দর্শকদের মাঝেও কিন্তু বিরক্তিকর বিষয়টি কাজ করে। আমরা অবশ্যই রোমান্টিক ও কমেডি গল্প দেখতে চাই। এ ধরনের গল্পে এন্টারটেইনমেন্ট বেশি থাকে। তারপরও দিনশেষে দর্শকও ব্যতিক্রম কিছু চান, তাদের মধ্যে ডিফারেন্ট গল্পের কাজ দেখার চাহিদা আছে। সেটি ফুলফিল না করতে পারাটা কিন্তু আমাদের সবারই ব্যর্থতা। একইসঙ্গে আবার ওটিটির আগমন ঘটেছে। এই মাধ্যমে কাজ করতে গেলে একটি কাজের পেছনে লম্বা সময় প্রস্তুতিতেই চলে যায়। শুটিং যদি এক মাস হয় তার আগে দু তিন মাস প্রস্তুতিতে চলে যায়। শুটিংয়ের পর আবার এক-দুই মাস প্রমোশনে চলে যায়। তাই আমরা যখন ওটিটির কোনো কাজে চুক্তিবদ্ধ হই তখন দীর্ঘ সময় এটি নিয়েই ব্যস্ত থাকতে হয়। এ সময়টা আসলে নাটকের শিডিউল মেলানোটা কঠিন হয়ে পরে। ফলে নাটকও কম করা হয়।
ব্যতিক্রমী চরিত্রের প্রতি আগ্রহী যে কারণে:
বেকার ছেলের প্রেমিকা, পাশের বাসার সুন্দরী মেয়েটি–এমন চরিত্রে যখন নিয়মিতই কাজ করছিলেন সাবিলা তখন নিজেই একটি গল্প লিখে ফেলেন। একদিন পরিচালক রাফাত মজুমদার রিংকুকে বলেন, আমার কাছে একটি ডিফারেন্ট গল্প রয়েছে। সেটি নিয়ে কাজ করতে পারেন। পরিচালক জানার পর লুফে নেন সাবিলার গল্প। নাটকটির নাম পারাপার। গল্পটি দারুণ প্রশংসিত হয়। ব্যতিক্রমী ওই চরিত্রটি দর্শক গ্রহণ করার পরই এই টাইপ চরিত্রের প্রতি আগ্রহ বাড়ে এ অভিনেত্রীর। সাবিলা বলেন, ‘আমি একটি গল্প লিখেছিলাম পারাপার নামে। ওই কাজটি একটি কমেডি কাজ হওয়ার কথা ছিল। আমি নির্মাতাকে বলেছিলাম অনেকগুলো কমেডি ও রোমান্টিক কাজ হয়েছে। এইবার ভিন্ন কিছু করি। যদিও এতটা ভেবেচিন্তে কাজটি করিনি। খুব একটা প্রত্যাশা নিয়েও কাজটি করিনি। কিন্তু অর্ডিয়েন্সের রেসপন্সে আমি অবাক। নিম্নমধ্যবিত্ত পরিবারের বিবাহিত একজন সাধারণ নারীর চরিত্র করেছিলাম। যে একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় নিজের স্বামীর কাছে। নাটকটির দর্শক রেসপন্সের পর বুঝতে পারি সবসময় গ্ল্যামারার্স ও রোমান্টিক চরিত্রই যে দর্শকরা পছন্দ করবে সেটি ভুল। বরং এখান থেকে বের হয়ে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করলে দর্শকরা আরও বেশি করে গ্রহণ করেন। এরপর থেকে নিয়মিতই ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে হাজির করছি। এখন দুটি রোমান্টিক কাজ করলেও চেষ্টা করি দুটি ভিন্ন ধারার ভিন্ন চরিত্রের কাজ করার।
লক্ষ্য এবার সিনেমা:
১০ বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করলেও বড় পর্দায় এখনও দেখা যায়নি সাবিলা নূরকে। এর মধ্যে প্রস্তাব যে পাননি, তা কিন্তু নয়। দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও ‘না’ বলে দিয়েছিলেন। এই ‘না’ বলার কারণে এখন কিছুটা আফসোসও হচ্ছে এই অভিনয়শিল্পী ও মডেলের। তবে ভবিষ্যতে এমন ভুল আর করতে চান না, এমনটাও জানিয়েছেন সাবিলা নুর। খোঁজ নিয়ে জানা গেছে, সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘তুফান’–এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলা। একইভাবে গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’য় অভিনয়ের জন্যও প্রস্তাব পান। তখন হয়তো এই দুই সিনেমায় অভিনয়ের সম্মতি থাকলে আজ ‘শাকিব খানের নায়িকা’—এমন তকমা গায়ে লাগত সাবিলার। অভিনেত্রী বলেন, ‘আসলে আমি বলব, প্রিয়তমা ও তুফান সিনেমায় কাজ না করা যে বোকামি ছিল, এখন তা বুঝতে পারছি। কারণ প্রিয়তমা ব্লকবাস্টার ছিল, তুফান তো এখন তুফান বইয়ে দিচ্ছে সিনেমা হলে। সেই সঙ্গে রায়হান রাফীর কাজ, রাফীর কাজে সব সময় একটা ডিফারেন্ট ডাইমেনশন থাকে। সবচেয়ে বড় কথা, সুপারস্টার শাকিব খান।’ তবে এই দুই ছবি না করলেও শিগগিরই অন্য কোনো ছবিতে দেখা যাবে সাবিলাকে। সে সম্পর্কে এখনই জানাতে ইচ্ছুক নন তিনি। কোনো সিনেমায় চূড়ান্ত হলে একেবারে শুটিং শেষ করেই জানানোর ইচ্ছে তাঁর। সাবিলা বলেন, সিনেমার জায়গাটা যেহেতু বিশাল বড় ব্যাপার। বিশাল বড় ক্যানভাস। সেখানে রিস্ক ফ্যাক্টর থাকে। অনেক হিসাবনিকাশ থাকে। তাই সিনেমা করলে চুক্তিবদ্ধ হয়েই বলব না, একেবারে শুটিং শেষ করেই জানাব।











































