Home আঞ্চলিক হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম

হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম

24


স্টাফ রিপোর্টারঃ
১০ দিন আগেও বাজারে ভালো মানের পেঁয়াজ খুচরা পর্যায়ে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি। গত বৃহস্পতিবার সেই পেঁয়াজ ১০৫ টাকায় ঠেকে। তিন দিনের ব্যবধানে ৫ টাকা বেড়ে সোমবার (৮ জুলাই) ১১০ টাকা কেজি বিক্রি করেন খুচরা বিক্রেতারা। পাড়া-মহল্লায় ১২০ টাকা কেজি বিক্রিরও অভিযোগ পাওয়া গেছে। হু হু করে বাড়ছে দাম। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আড়ৎদার থেকে শুরু করে খুচরা বিক্রেতারা বলছেন, দেশি পেঁয়াজের মজুত কমে গেছে। আমদানি না বাড়লে কমবে না দাম।
আমদানিকারকরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আনার জন্য এলসি খোলা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে দেশে ঢুকবে। তখন দাম কমে যাবে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, বর্তমানে পেঁয়াজ সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে যার বিক্রয়মূল্য ছিল সর্বনিম্ন ৯০ থেকে সর্বোচ্চ ১০০ টাকা। একই পেঁয়াজ এক মাস আগে বিক্রি হয়েছে সর্বনিম্ন ৮০ থেকে সর্বোচ্চ ৮৫ টাকায়। এক বছর আগে এই সময়ে খুচরা বাজারে বিক্রি হয়েছে সর্বনিম্ন ৭০ থেকে সর্বোচ্চ ৮০ টাকা দরে। সেই হিসাব অনুযায়ী এক বছরে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা।
বাড়তি দামের ব্যাপারে খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বৃদ্ধির পেছনে কিছু কারণ রয়েছে। প্রধান কারণ দেশি পেঁয়াজের মজুত কমে গেছে। আমদানি হচ্ছে না।
খুচরা বিক্রেতা মোবারক বলেন, আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। তাই দাম বেশি। বর্তমানে ১০০ টাকারও বেশি দামে কেনা। এ জন্য ১০৫-১১০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। দাম বাড়ায় আগের চেয়ে বিক্রি কমে গেছে। লাভ তেমন থাকে না।
পেঁয়াজ ব্যবসায়ী সুরুজ বলেন, বর্তমানে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ নেই। সে কারণেই দাম বেড়েছে। আড়ৎতেই দাম বেশি, আমাদের তো কিছুই করার নেই।
তাদের কথার সত্যতা যাচাই করতে পাইকারি ব্যবসায়ী শেখ কামাল সাথে কথাবলে জানাযায়, মোকাম থেকে বাড়তি দামেই আসছে পেঁয়াজ। মজুত কমে যাচ্ছে। আমদানিও হচ্ছে না। এ জন্য বাড়ছে দাম। রবিবার ৯৫-১০৩ টাকা কেজি বিক্রি করা হয়েছে। একই তথ্য জানান আরেক পাইকারি ব্যবসায়ী শেখ কালু বেপারি।
তিনি বলেন, বেশি দাম। আমাদের করার কিছু নেই। পাইকারিতেই ফরিদপুরের পেঁয়াজ ৯৫-৯৮ টাকা কেজি।
মোঃ আব্দুল মাজেদ বলেন, গত সপ্তাহে ৮৭ টাকা কেজি বিক্রি করা হয়েছে, যা রবিবার ৯৫ টাকা হয়েছে বিক্রি। ঠেকানো যাচ্ছে না দাম। কিছুদিন ধরে দাম বাড়ছেই। কারণ হলো আমদানি হচ্ছে না। দেশের পেঁয়াজের মজুত কমে গেছে। ভারতের পেঁয়াজ আমদানি হলেও রাতারাতি তেমন কমবে না দাম। কারণ হলো ভারতেই পেঁয়াজের দাম বেশি।
আমদানিকারকরা বলছেন, দাম বাড়তে থাকায় প্রায় বন্দরে এলসি খোলা হয়েছে। দেশে এলে দাম কমে যাবে।
এ ব্যাপারে আমদানিকারক মোঃ মনিরুজ্জামান বলেন, কিছু দিন থেকে ভারতেই পেঁয়াজের দাম বেশি। সে তুলনায় দেশে কম দাম ছিল। তবে কয়েক দিন থেকে দেশি পেঁয়াজের দাম বাড়ছে। এ জন্য সারা দেশেই বিভিন্ন বন্দর দিয়ে এলসি খোলা হয়েছে। কিছু আসতে শুরু করেছে। রবিবার ৯২-৯৬ টাকা কেজি বিক্রি হয়।