ঢাকা অফিস।।
ছাগলকান্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতিউর রহমান ও তার পরিবারের ৪টি ফ্ল্যাট এবং ১০ একরেরও বেশি (১০১৯ শতাংশ) জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে বরিশালের মুলাদী উপজেলায় মতিউরের নামে ১১৪ শতাংশ জমি, নরসিংদীর রায়পুরা উপজেলায় মরজাল ইউনিয়নের মরজাল মৌজায় তার প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকীর নামে ৫২২ দশমিক ৫২ শতাংশ জমি, তাদের ছেলে আহমেদ তৌফিক অর্ণবের নাম ২৭৫ দশমিক ৮৭৫ শতাংশ জমি, মেয়ে ফারহানা রহমান ইপ্সিতার
নামে ১০৬ দশমিক ৫৬ শতাংশ জমি রয়েছে। এছাড়া মতিউরের প্রথম স্ত্রীর নামে বসুন্ধরায় একটি, দ্বিতীয় স্ত্রীর (শাম্মী আখতার শিভলী) নামে জিগাতলা ও বসুন্ধরা আবাসিকে একটি করে এবং মেয়ে ঈপ্সিতার নামে বসুন্ধরা আবাসিকে একটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক আনোয়ার হোসেন সম্পত্তি ক্রোকের জন্য আদালতে এ আবেদন করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম তা আদালতে উপস্থাপন করেন। আবেদনে বলা হয়, মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশ-বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনসহ বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগ রয়েছে।
এর আগে গত ২৪ জুন মতিউর, লাকী ও অর্নবের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। এর একদিন আগে মতিউরের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করে দুদক। একই দিন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে মতিউরকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত (ওএসডি) করা হয়। সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এসব কিছুর পেছনে রয়েছে ছাগলকা-। ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকা দিয়ে কোরবানির জন্য একটি ছাগল কেনার ইস্যুতে তোপের মুখে পড়েন মতিউর। ইফাতের ছাগল কেনার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এর পরই তা ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়। এরপর মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসতে থাকে। এ পর্যন্ত তার দুই স্ত্রী, সন্তান, ভাই-বোনসহ নিকটজনদের নামে ছয় জেলায় জমি, ফ্ল্যাট, শিল্পপ্রতিষ্ঠান, রিসোর্টসহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরে পুঁজিবাজারেও তার বিনিয়োগ রয়েছে।











































