স্পোর্টস ডেস্ক।।
কোপা আমেরিকায় টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। যেখানে আসরটির শেষ আটে বর্তমান চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ হিসেবে ইকুয়েডরকে পেয়েছে। তবে এ ম্যাচে আলবিসেলেস্তাদের সেরা তারকা লিওনেল মেসিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।ৎ
এর আগে গ্রুপ পর্বে চিলির বিপক্ষে খেলার সময় মেসির ডান হ্যামস্ট্রিংয়ে টান লাগে। পরে সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসাও নিয়েছেন তিনি। কিন্তু ম্যাচের পুরো ৯০ মিনিট খেললেও খুব একটা স্বাচ্ছন্দ্যের সাথে খেলতে দেখা যায়নি তাকে। পরবর্তীতে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলতে পারেননি মেসি।
মেসি চোট কাটিয়ে গতকাল অনুশীলনে ফিরেছেন। তবে ম্যাচ ফিটনেস সময়মত ফিরে পাবেন কি না তা নিয়ে আছে প্রশ্ন।
আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই ফেরার কথা মেসির। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম বলছে, মেসি এখনো পুরোপুরি ফিট নন। মূলত সেমির আগে মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না আর্জেন্টিনা কোচ স্কালোনি।
এদিকে আর্জেন্টিনার সংবাদপত্রের বরাত দিয়ে সাংবাদিক গ্যাস্টন এদুল জানিয়েছেন, মেসি কিংবা ডি মারিয়ার যেকোনো একজনকেই কোয়ার্টার ফাইনালে মাঠে নামাবেন স্কালোনি। দলের দুই তারকাকে ইনজুরি থেকে আগলে রাখতেই এমন সিদ্ধান্ত নিতে পারেন তিনি।











































