স্পোর্টস ডেস্ক।।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের ৪টি ম্যাচের মধ্যে ৩টি জিতে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। তবে সুপার এইটে চরম ব্যর্থতা দেখায় টাইগাররা। তিনটি ম্যাচের সবকয়টিতেই হারে নাজমুল হোসেন শান্তর দল। মাঠে অধিনায়কের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েও চলছে চরম সমালোচনা। এসব বিষয়ে কথা বলতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনাপ্রধান জালাল ইউনুস চৌধুরী।
জালাল ইউনুস কথা বললেও আজ বিশদভাবে কোনোকিছু বলেননি। দলে কোনো ভুলভ্রান্তি ছিল কি না, কোচিং স্টাফের সঙ্গে খেলোয়াড়দের বোঝাপড়ায় কোনো সমস্যা ছিল কি না সেসব বিষয়ে আগামী ২ জুলাইবিসিবির পরিচালনা পর্ষদের সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনাপ্রধান।
আজ বনানীতে নিজের কার্যালয়ে জালাল ইউনুস বলেন, ‘কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তবে কেন ভুলভ্রান্তি হলো, সেগুলো খুঁজে বের করতে হবে। এখানে টিম ম্যানেজমেন্ট, যাদের আমরা কোচিং স্টাফ বলি, তাদের কোনো গাফিলতি আছে কি না, অথবা খেলোয়াড়দের সঙ্গে তাদের বোঝাপড়ার সমস্যা হচ্ছে কি না, এটা আমাদের জানতে হবে। তাদের মধ্যে কোনো ব্যবধান ছিল কি না, সেটাও আমাদের জানা দরকার।’
নাজমুল হোসেন শান্ত ও হাথুরুসিংহের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘একটা দল যখন মাঠে খেলতে নামে, তখন কোচ আর অধিনায়কেরই সিদ্ধান্ত বেশি থাকে। সিদ্ধান্ত তো একটা নিতেই হয়। ভুলও হতে পারে, আবার ঠিকও হতে পারে। এটুকু ঝুঁকি তো নিতেই হয়। এখানে কোনো ভুল হয়েছে কি না, সেটাও দেখা দরকার আমাদের।’
জাতীয় দলের কোচিং স্টাফে পরিবর্তন আসবে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট পরিচালনাপ্রধান বলেন, ‘এগুলো নিয়ে (কোচিং স্টাফ থাকা- না থাক) আমরা এখনো আলাপ-আলোচনা করিনি। বোর্ড মিটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে।’











































