Home আঞ্চলিক জমেনি যশোরের চামড়ার হাট, লোকসানে বিক্রি

জমেনি যশোরের চামড়ার হাট, লোকসানে বিক্রি

83

শহিদুল ইসলাম দইচ যশোর।।

খুলনা বিভাগের সবচেয়ে বড় যশোরের রাজারহাট চামড়ার বাজারের ঈদপরবর্তী প্রথম হাট আজ মঙ্গলবার একেবারেই জমেনি।

ঈদে যে সংখ্যক গরু কোরবানি হয়েছে, সে তুলনায় এবার বাজারে তার চারভাগের একভাগও চামড়াও ওঠেনি। মৌসুমী ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে তারা চামড়া বিক্রি করতে পারছেন না।

অবশ্য, স্থানীয় আড়তদারদের দাবি আগামী শনিবারের হাট জমবে এবং ব্যসায়ীরা তাদের লোকসান কাটিয়ে উঠতে পারবেন।

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার বসে যশোরের রাজারহাটে। ঈদপরবর্তী সময়ে তাই এ বাজারের দিকে নজর থাকে দেশের শীর্ষস্থানীয় চামড়া ব্যবসায়ীদের। তবে এবার ঈদ পরবর্তী প্রথম হাট একেবারেই জমেনি। এদিন অল্প সংখ্যক মৌসুমী ব্যবসায়ী লবন দেয়া ১ থেকে দেড় হাজার চামড়া নিয়ে হাটে আসেন।

মৌসুমী ব্যবসায়ীরা দাবি, করেন হাট যেমন জমেনি তেমন চামড়ার দামও মিলছে না। একেকটি গরুর চামড়া ৪শ’ থেকে ৯শ’ টাকায় কিনেছেন। লবন দিয়ে আরও এক থেকে দেড়শ’ টাকা খরচ হয়েছে। কিন্তু হাটে প্রতি পিস চামড়ার দাম দেড়শ’ থেকে দুইশ’ টাকা করে কম বলছে। বিশেষ করে বাইরের পাইকার ও ট্যানারির লোকজন না আসায় স্থানীয় আড়ৎদাররা চামড়ার দাম বলছেন না। এছাড়া ছাগলের চামড়ার দাম নেই বললেই চলে।

সুখরঞ্জন দাস নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, গ্রাম থেকে ২০ টাকা ৩০ টাকা দরে ছাগলের চামড়া ও ৪শ’ থেকে ৬শ’ টাকা দরে গরুর চামড়া কিনেছি। লবন ও শ্রমিক খরচ হয়েছে আরও এক থেকে দেড়শ’ টাকা। আজ হাটে কোনও ব্যাপারি আসেনি। স্থানীয় আড়তদাররা চামড়ার দাম বলছে না। ছাগলের ভালো চামড়টি সর্বোচ্চ ৬০ টাকা দরে বিক্রি হয়েছে, আর সব ১০ থেকে ২০ টাকা দরে। গরুর চামড়া ভালোটা ৬শ’ টাকা, মাঝারিটা ২শ’ টাকা ও ছোট চামড়া গুলো একশ’ টাকা করে দাম বলছে। চামড়ায় কাটা থাকলে সেটি বাতিল করে দিচ্ছে। এতে করে আসল টাকা উঠানো যাচেছ না।

আব্দুস সালাম নামে অপর এক ব্যবসায়ী বলেন, একশ’ পিস গরুর চামড়া এনেছিলাম। প্রতি পিস চামড়া লবন খরচ দিয়ে গড় ৭শ’ টাকা পড়েছে। অথচ হাটে দাম পাচ্ছি না। বাইরের ব্যাপারীরা আসেনি। চামড়াও উঠেছে কম। সব মিলে ৩০ হাজার টাকার মত লোকসান হবে।

জাহাঙ্গীর আলম নামে অপর এক ব্যবসায়ী বলেন, গরুর চামড়ার যা হোক কিছু দাম বলছে। কিন্তু ছাগলের চামড়ার কোনও দাম নেই। অনেকে চামড়া বিক্রি করতে না পেরে হাটেই ফেলে চলে গেছে। আমি কোনোমতে ২০ টাকা দরে ছাগলের চামড়া বিক্রি করেছি। বিগত কয়েক বছর ধরে চামড়া ব্যবসায় কেবল লোকসান গুণতে হচ্ছে। আগামীতে আর গ্রামে কেউ চামড়া কিনতে যাবে বলে মনে হয় না। কোরবানির পর চামড়া ফেলে দিতে হবে। তাছাড়া উপায় নেই।

স্থানীয় আড়তদার হাসানুজ্জামান হানু বলেন, গতকাল কোরবানি হয়েছে। কাল সারাদিন চামড়া সংগ্রহের পর রাতে লবনের কাজ হয়েছে। ফলে আজকের হাট জমেনি। অল্প কিছু ক্ষুদ্র ব্যবসায়ী চামড়া এনেছে। তারা নির্ধারিত দামেই চামড়া বিক্রি করেছেন। নিম্নমানের চামড়া থাকলে তার দাম পাওয়া যায় না। তবে আগামী শনিবারের হাট জমবে এবং ব্যবসায়ীরা তাদের লোকসান কাটিয়ে উঠতে পারবেন।

রাজারহাট চামড়া ব্যবসায়ী সমিতির দাবি, আগামী ৪/৫টি হাটে এক লাখ পিস চামড়া বিক্রি হবে।