Home বিনোদন বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়

বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়

29


বিনোদন ডেস্ক।।

আচমকাই বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি নিয়ে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। জানা গেছে, সোমবার (১৭ জুন) সকাল থেকে বর্ষীয়ান এই অভিনেত্রীর বুকে অস্বস্তি হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাকে নেয়া হয় হাসপাতালে।


সন্ধ্যা রায়ের সহকারী জানান, অভিনেত্রীর কী হয়েছে চিকিৎসকরা তা এখনই বলছেন না। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আপাতত চিকিৎসকেরা অভিনেত্রীকে কিছুদিন হাসপাতালেই থাকতে বলেছেন।

সংবাদমাধ্যমকে সন্ধ্যা রায়ের সহকারী আরও জানায়, সোমবার হঠাৎই বুকে অস্বস্তি বোধ করেন অভিনেত্রী। খবর পেয়েই তিনি তাকে হাসপাতালে নিয়ে যান। তবে ঠিক কী হয়েছে প্রবীণ তারকার, সেই সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানাননি চিকিৎসকরা। তার সঙ্গে কাউকে কথা বলতেও দেয়া হচ্ছে না।

বাংলাদেশের সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক ৭৯ বছর বয়সী অভিনেত্রীর। ভারতের নদীয়া জেলার নবদ্বীপে ১৯৪৬ সালে জন্ম হলেও অভিনেত্রীর বেড়ে ওঠা বাংলাদেশে। ১৯৫৭ সালে সপরিবারে ভারতে ফেরেন সন্ধ্যা রায়। সিনেমার জগতে তার প্রবেশ ছয়ের দশকে। এরপর একটানা তিন দশকে ‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘বাবা তারকনাথ’-এর মতো সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন। টলিউডের প্রথমসারির অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা ছিল চরমে।


২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। ২০২২ সালে হারান স্বামী তরুণ মজুমদারকে। ঠগিনী’, ‘ফুলেশ্বরী’, ‘পলাতক’, ‘নিমন্ত্রণ’, ‘কুহেলি’, ‘সংসার সীমান্তে’-এর মতো তরুণ মজুমদারের ছবিতে কাজ করেছেন সন্ধ্যা রায়। কাজ করার সুবাদেই তাদের মধ্যে প্রেম ও পরে বিয়ে হয়। তবে শেষের দিকে দুজনে আলাদা থাকতেন। সন্ধ্যা রায়ের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি ‘আলোর পিপাসা’র পরিচালক ছিলেন তরুণ মজুমদার।

বার্ধক্য জনিত অসুস্থতার কারণে বেশ কয়েক বছর ধরেই বিনোদন জগতের বাইরে রয়েছেন সন্ধ্যা রায়। তবে রাজনীতিতে নাম লিখেয়েছেন তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। ভোটে জিতে মেদিনীপুরের সাংসদ হন তিনি। তারপর আবারো বিরতি। এখন ৭৯ বছরের অভিনেত্রীর বেশিরভাগ সময় বাড়িতেই কাটে।