Home আঞ্চলিক ঈদের আগে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

ঈদের আগে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

22


স্টাফ রিপোর্টার।।

হঠাৎ করেই পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। এক দিনের ব্যবধানে পণ্যটির দাম পাইকারি পর্যায়ে বেড়েছে ৮ ও খুচরায় ১০ টাকা। হঠাৎ করে কেন পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে কোনো জবাব মিলছে না।
গতকাল পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজিতে। যদিও ভারতীয় পেঁয়াজের পরিমাণ কম।
হঠাৎ কেন পেঁয়াজের দাম বেড়েছে- প্রশ্নের উত্তরে ব্যবসায়ী সোহরাব হোসাইন বলেন, আমরা বলতে পারবো না। তবে দুই সপ্তাহ যাবত ধাপে ধাপে দাম বাড়ছে। পাইকারি পর্যায়ে এক পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি করছি ৪২০ টাকা, যা কেজি হিসেবে ৮৪ টাকা।
আরেক আড়ৎদার আরমান আলী বলেন, ভারতীয় ও ফরিদপুরের পেঁয়াজ প্রতি পাল্লা ৪১০ থেকে ৪২০ টাকায় বিক্রি করছেন। এতে ৮২ থেকে ৮৪ টাকা কেজি করে ক্রেতাকে কিনতে হচ্ছে।
আব্দুল কাদের নামে খুচরা বিক্রেতা বলেন, এক দিনের ব্যবধানে পেঁয়াজের কেজি পাইকারিভাবে ৬ থেকে ৮ টাকা ও খুচরা পর্যায়ে ১০ টাকা বেড়েছে। রবিবার যে পেঁয়াজের কেজি ছিল ৭৬ টাকা, সেটি সোমবার রাতে বিক্রি হয়েছে ৮৪ টাকায়। বর্তমানে পাবনার পেঁয়াজ ৯০ এবং ফরিদপুর ও ভারতীয় পেঁয়াজ ৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কয়েক দিন পরেই কোরবানির ঈদ। পেঁয়াজের দাম আরও বাড়বে।
বাজার করতে আসা ক্রেতা নাজমা আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ৫ কেজি পেঁয়াজ কিনেছেন ৪২০ টাকা এবং এক কেজি কোষ ছাড়ানো রসুন কিনেছেন ১৮০ টাকায়। পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, গত মাসের শেষে পেঁয়াজ কিনেছি ৭০ টাকা করে। কয়েক দিনের ব্যবধানে কী এমন হলো যে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়ে গেল। এভাবে হঠাৎ করে দাম বাড়লে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষ বিপদে পড়ে।