স্পোর্টস ডেস্ক।।
স্প্যানিশ লা লিগা এই মৌসুমে চমক উপহার দিয়েছে জিরোনা। মৌসুমের বড় একটা অংশজুড়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে শিরোপা লড়াই করেছে তারা। শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি কাতালান ক্লাবটি। তবে সেরা চারে থেকে লিগ শেষ করার বন্দোবস্ত করেছে তারা।
তাতেই হলো ইতিহাস। প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে জিরোনা। কিন্তু ইউরোপের সর্বোচ্চ স্তরের টুর্নামেন্টে তারা অংশ নিতে পারবে কিনা এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ, একই মালিকানাধীন একাধিক ক্লাব ইউরোপের একই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।
জিরোনার ৪৭ শতাংশ শেয়ারের মালিক সিটি ফুটবল গ্রুপ। এই গ্রুপটি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির শতভাগ শেয়ারের মালিক। অনুমিতভাবেই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে সিটিজেনদের। কিন্তু জিরোনাকে ইউরোপের বড় মঞ্চে খেলাতে হলে ক্লাবের অন্তত ১৮ শতাংশ মালিকানা বিক্রি করতে হবে সিটি গ্রুপকে।
উয়েফার নিয়ম অনুসারে ৩০ শতাংশ বা এরচেয়ে বেশি মালিকানাধীন দুটি ক্লাব ইউরোপের একই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। যদি জিরোনার মালিকানা ২৯ শতাংশে নামিয়ে আনতে পারে সিটি গ্রুপ তবেই কাতালান ক্লাবটি অংশ নিতে পারবে চ্যাম্পিয়নস লিগে।
সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ৩ জুন পর্যন্ত সিটি গ্রুপকে সময় বেঁধে দিয়েছে উয়েফা। এর মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে যে কোনো একটি ক্লাবকে ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা লিগে নামিয়ে দেবে উয়েফা। উল্লেখ্য, ২০১৭ সালে সালে জিরোনার মালিকানার বড় একটা অংশ কিনে নেয় সিটি গ্রুপ। বিশ্বজুড়ে ১৩টি ক্লাবে শেয়ার আছে তাদের।











































