স্পোর্টস ডেস্ক
বাতাসে গুঞ্জন ছিল আগে থেকেই। ধারণা করা হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে শেষবার লাল বল আর সাদা জার্সিতে নামবেন জেমস অ্যান্ডারসন। পাকিস্তান এবং ইংল্যান্ডে নারী দলের মধ্যেকার টি-২০ সিরিজে ধারাভাষ্য কেন্দ্র থেকে অবসরের ঘোষণা দেবেন তিনি- এমন অনুমান করেছিল ব্রিটিশ গণমাধ্যম।
তবে এতটাও অপেক্ষা হয়ত করাতে চাননি টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটধারী একমাত্র পেসার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে তিনি জানিয়ে দিলেন অবসরের ঘোষণা। অবসরটাও নেবেন ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস স্টেডিয়াম। চলতি গ্রীষ্মে লর্ডসের প্রথম টেস্টই হবে জিমি অ্যান্ডারসনের শেষ টেস্ট।
ফেসবুক পোস্টে অ্যান্ডারসন লিখেছেন, আমার দেশের প্রতিনিধিত্ব করার, ছোটবেলা থেকেই যে খেলা পছন্দ করতাম সেটার সঙ্গে অবিশ্বাস্য ২০টা বছর পার করে ফেলেছি আমি। আমি ইংল্যান্ডের জার্সিতে হেঁটে যাওয়া খুব বেশি মিস করবো। কিন্তু আমি জানি, এখনই নিজের সরে যাওয়ার এবং আমার মতো যারা একই স্বপ্ন দেখেছে তাদের এই জায়গা বুঝতে সুযোগ করে দেয়ার সেরা সময়।
তিনি আরো লেখেন, ড্যানিয়েলা, লোলা, রুবি এবং আমার বাবা-মায়ের ভালোবাসা এবং সাহায্য ছাড়া আমি এতটা দূর আসতে পারতাম না। তাদেরকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সেসব খেলোয়াড় এবং কোচকে যারা এই খেলাকে বিশ্বের সেরা কাজে পরিণত করেছে। সামনে থাকা নতুন চ্যালেঞ্জগুলির জন্য আমি উত্তেজিত। এখন আরো বেশি গলফ দিয়ে আমার দিনগুলি পার করতে আগ্রহী।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অ্যান্ডারসনের বিকল্প পেসার বেছে নেয়ার প্রক্রিয়ায় নেমেছেন ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। সে কারণে তিনি রেকর্ডধারী বোলারকে নিজের পরিকল্পনা ও তার বিদায়ের কথা স্মরণ করিয়ে দিতে সম্প্রতি নিউজিল্যান্ড থেকে ১১০০০ মাইল পাড়ি দিয়ে আসেন।
ইংল্যান্ডের এই টেস্ট কোচের ইচ্ছা ২০২৫-২৬ মৌসুমের ঐতিহাসিক অ্যাশেজ শুরুর আগেই শক্ত দল গড়ে তোলা। ওই সময়ে অ্যান্ডারসনের বয়স চলতে শুরু করবে ৪৩ বছরে। এর আগে চলতি বছরের গ্রীষ্ম মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে মোট ৬টি টেস্ট খেলবে ইংল্যান্ড।
এর মাঝে প্রথম টেস্টের পরেই অবসর নিচ্ছেন অ্যান্ডারসন। চলতি বছরের শুরুর দিকে ভারত সফরের শেষ টেস্টে ৭০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছিলেন তিনি। মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও শেন ওয়ার্নের (৭০৮) পর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেট ক্লাবের সদস্য হন অ্যান্ডারসন।
তবে পেসার হিসেবে এই কীর্তির নজির একমাত্র অ্যান্ডারসনের। ওই সিরিজে তার ওয়ার্কলোডের দিকে কড়া নজর ছিল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের। ৭টি ইনিংসে সাকুল্যে ১১০ ওভার বল করে ১০টি উইকেট নেন তিনি। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে বিশেষ ছাপ রাখতে ব্যর্থ হন অ্যান্ডারসন।
এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৮৭টি টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। ৭০০টি উইকেটধারী এই পেসার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩২ বার। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মোট ৩ বার। এক ইনিংসে সেরা বোলিং পারফর্ম্যান্স ৪২ রানে ৭ উইকেট।
ব্যাট হাতে টেস্টে এক হাফসেঞ্চুরির পাশাপাশি ১৩৫৩ রান সংগ্রহ করেছেন অ্যান্ডারসন। মূলত টেস্টই ছিল তার এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে থাকার প্রধান কারণ। ওয়ানডে ও টি-২০তে তিনি অনেক আগেই মাঠে নেমেছিলেন। ১৯৪টি ওয়ানডেতে ২৬৯ এবং ১৯টি আন্তর্জাতিক টি-২০তে তিনি ১৮ উইকেট শিকার করেছেন।











































