শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় শনিবার সকালে বজ্রপাতে দুইজন নিহত ও ৬জন আহত হয়েছে। সকাল ৯টার দিকে উপজেলার চাল-রায়েন্দা গ্রামের স্লুইজগেইট এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন মিলন শেখ (৩৫) ও মোস্তফা শেখ (৫০)। এদের বাড়ী পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামে। আহতরা হচ্ছেন খোকন কাজী, রাসেল ফরাজী, বাবুল, জলিল ও সোহেল। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৯টার দিকে ঝড় বৃষ্টি হচ্ছিল, এ সময় একটা ফাঁকা ঘরে বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা মিলন শেখ ও মোস্তফা শেখ নিহত হয়। বাকী ৬জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতরা বালিপাড়া থেকে ট্রলারে করে ইট নিয়ে এসেছিল।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন, আহতরা সবাই আশঙ্কা মুক্ত তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।











































