স্পোর্টস ডেস্ক
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সবচেয়ে বেশি জোর দিচ্ছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে। এই সিরিজে বাদ পড়েছেন মোহাম্মদ হারিস, আমের জামাল ও জামান খান। তরুণ এই খেলোয়াড়দের সুযোগ না দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা হচ্ছে।
তবে বোর্ড ও নির্বাচকদের পক্ষে ব্যাট ধরেছেন অধিনায়ক বাবর আজম। তাদের বাদ দেওয়ার কারণও জানিয়েছেন অধিনায়ক। খবর ক্রিকেট পাকিস্তানের।
হারিস পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। তার রানসংখ্যা ১২৬। সর্বোচ্চ স্কোর ৩১।
ইংল্যান্ড সফর শুরুর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, হারিস পর্যাপ্ত সুযোগ পায়নি। টপ অর্ডারে একাধিক অপশন থাকায় তাকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। আমি বলছি না যে সে বাজে খেলে বলে বাদ দেওয়া হয়েছে। তাছাড়া সে টপ অর্ডারে খেলে। টপ অর্ডারে আমি, রিজওয়ান, সায়েম আইয়ুব ও ফখর জামান খেলে থাকি।
আমের জামালের বিষয়ে বাবর বলেন, টেস্ট ও সীমিত ওভারের খেলার মধ্যে পার্থক্য আছে। তাকে আরও বেশি টি-টোয়েন্টি খেলে নিজেকে প্রমাণ করতে হবে।











































