স্পোর্টস ডেস্ক
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। ৮ উইকেট আর ২৮ বল হাতে রেখে পাওয়া দাপুটে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্রথম টি-টোয়েন্টিতে তানজিদ তামিমের সঙ্গে তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে সহজ জয় পায় বাংলাদেশ। অভিষিক্ত জুনিয়র তামিম ফিফটি করে অপরাজিত থাকেন। বোলিংয়ে আলো ছড়ান তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন আর শেখ মেহেদি হাসান।
যদিও এমন এক ম্যাচেও ফর্মে ফিরতে পারেননি লিটন দাস। ৩ বলে ১ করে বোল্ড হয়ে ফেরেন দীর্ঘদিন ধুঁকতে থাকা এই মারকুটে ওপেনার। তার বদলে আজ একাদশে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
শরিফুল ইসলাম আর রিশাদ হোসেন বোলিংয়ে রান খরচ করেছেন । মোস্তাফিজুর রহমান আপাতত বিশ্রামে থাকায় শরিফুলের বাদ পড়ার সম্ভাবনা কম। লেগস্পিনারের ভবিষ্যৎ বিবেচনায় রিশাদও একাদশে জায়গা ধরে রাখার কথা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।











































