Home খেলাধুলা বৃষ্টির পর আবার খেলা শুরু

বৃষ্টির পর আবার খেলা শুরু

35


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রানে থেমেছে দলটি। জবাব দিতে নেমে ব্যাটিংয়ের হতশ্রী দশা দেখাচ্ছে বাংলাদেশও।

প্রথম ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬২ রান করে বাংলাদেশ। ৬২ রানের মাথায় তৃতীয় ব্যাটার হিসেবে লিটন ফেরার পরই নামে বৃষ্টি। এটি নিয়ে তৃতীয় দফায় এই ম্যাচ বৃষ্টির বাধায় বন্ধ হয়েছে। তবে কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকার পর আবারও মাঠে গড়ায় খেলা। এই মুহূর্তে ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৮ রানে রানে ব্যাট করছে বাংলাদেশ়। জয়ের জন্য ৪৮ বলে এখনো দরকার ৬১ রান।

এর আগে, ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। ওপেনিংয়ে ৪১ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে তানজিদ ফিরলে ভাঙে এই জুটি। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তানজিদ এদিন ১৯ বলে ১৮ রান করেই বিদায় নেন। এরপর দুই দফায় বৃষ্টি নামায় সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে খেলা।

বৃষ্টি থামার পর দলকে এগিয়ে নিতে থাকেন লিটন ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও তাদের ব্যাটিং ছিল বেশ ধীরগতির। ৬১ রানের মাথায় ফেরেন শান্ত। দলের বিপদ বাড়িয়ে আর এক রান যোগ হতে ফেরেন লিটন। শুরুতে ঝোড়ো গতিতে ব্যাটিং শুরু করলেও শেষ পর্যন্ত ২৫ বলে ২৩ রান করে আউট হন তিনি। এরপরই ম্যাচে বাধ সাধে বেরসিক বৃষ্টি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রোডেশিয়ানরা। দলটি পাওয়ার প্লের ৬ ওভারে করে মাত্র ২২ রান। এই সময়ে হারায় তাদিওয়ানাশে মারুমানিকে। ৪ বলে ২ রান করে তাসকিন আহমেদের করা চতুর্থ ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। প্রথম ১০ ওভারে দলটি করে মাত্র ৩৮ রান। হারায় ৪ উইকেট।

দলীয় সপ্তম ওভারে ৩০ বলে মাত্র ১৭ রান করে আউট হয়েছেন জয়লর্ড গাম্বি। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে নাজমুল হোসেন শান্তর কাছে ক্যাচ দেন তিনি। দশম ওভারের প্রথম বলে রিশাদ হোসেনের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক সিকান্দার রাজা। ৮ বলে মাত্র ৩ রান করেন তিনি। একই ওভারে কোনো রান না করেই ফেরেন ক্লাইভ মানান্দে। পরের ওভারে শেখ মেহেদীর বলে ১৬ বলে ১৩ রান করে ফেরেন অভিজ্ঞ ক্রেইগ আরভিনও।

এরপরই দারুণ এক জুটি গড়েন জোনাথন ক্যাম্পবেল ও ব্রায়ান ব্রেনেট। উইকেট তো সুরক্ষিত রেখেছেনই, বাংলাদেশের বোলারদের ওপর চালিয়েছেন পাল্টা আক্রমণ। ৪২ রানে ৫ উইকেট হারানো দলকে নিয়ে গেছেন ১১৫ রান পর্যন্ত। ৭৩ রানের জুটি গড়েছেন মাত্র ৪৩ বলে। ১১৫ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে ফেরেন ক্যাম্পবেল। ৪৫ রান করেছেন তিনি। মাত্র ২৪ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। তবে শেষের দিকে একাই লড়াই চালিয়ে যান বেনেট। শেষ পর্যন্ত ২৯ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার তাসকিন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তার শিকার ২ উইকেট। সমান ওভারে ২ উইকেট নেওয়া রিশাদ দিয়েছেন ৩৩ রান। একটি করে উইকেট শরিফুল ইসলাম, মেহেদী ও সাইফউদ্দিনের।