আন্তর্জাতিক ডেস্ক
ভারতীয় মশলায় মাত্রার চেয়ে ১০ গুণ বেশি কীটনাশক রয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, তাদের অনুমোদিত মশলা নিরাপদ। কীটনাশকের উচ্চমাত্রা থাকার দাবি উড়িয়ে দিয়েছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) এর মাত্রা থেকে ১০ গুণ বেশি কীটনাশকের অবশিষ্টাংশ ভারতীয় মশলায় রয়েছে।
তবে রিপোর্টের এই দাবিকে ‘মিথ্যা ও বিদ্বেষপূর্ণ’ বলে আখ্যা দেওয়া হয়েছে এফএসএসএআই এর পক্ষ থেকে। তারা বলছে, তারা খাবার অনুযায়ী ভিন্ন ভিন্ন ম্যাক্সিমাম রিসিডিউ লিমিট বা সর্বোচ্চ অবশিষ্টাংশসীমা (এমআরএল) অনুসরণ করে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কয়েকটি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে এফএসএসএআই মশলায় ১০ গুণ বেশি কীটনাশকের অনুমোদন দিয়েছে। এই দাবি মিথ্যা ও ভিত্তিহীন।
তারা জানায়, কীটনাশক ব্যবহারের বিষয়টি কৃষি মন্ত্রণালয় তদারকি করে। ১৯৬৮ ইনসেক্টিসাইড আইন অনুযায়ী গঠিত কীটনাশক বোর্ড তাতে যুক্ত থাকে। রিস্ক অ্যাসেসমেন্ট করে এই এমআরএল তৈরি করা হয়।
এফএসএসএআই জানায়, বৈজ্ঞানিক উপাত্তের ওপর ভিত্তি করে ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তারা এমআরএল নির্ধারণ করে থাকে।











































