মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় তৃতীয়ধাপে আগামী ২৯মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২মে) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ উপজেলায় নির্বাচনের ভোটের মাঠে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৪জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৭জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩জন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিল করা সব প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
বিএনপিসহ অন্য কোন দলের প্রার্থী না থাকায় নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের মধ্যেই লড়াই হবে। এর ফলে এ উপজেলায় আওয়ামী লীগেরই চলমান কোন্দল আরো বেশি চাঙ্গা হবে বলে আশংকা করছেন তৃনমুলের নেতা-কর্মীরা।
মোংলা উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ উপজেলায় আগামী ২৯মে ভোটের দিন ঠিক রেখে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোংলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ হাওলাদার মনোনয়ন দাখিল করেছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোংলা উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান সিদ্দিকী, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম সানি, জাতীয় শ্রমিকলীগের বুড়িডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি জিহাদ সরদার টনি, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ মোঃ আল আমিন, আওয়ামী লীগ সমর্থক সনেট হালদার ও ওবাইদুল ইসলাম এবং নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও মোংলা পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শেখ কামরুন্নাহার হাই ও আওয়ামী লীগ সমর্থক সোমা মন্ডল ছায়া এবং সরবরিয়া খানম দরিয়া মনোনয়ন দাখিল করেছেন।
মোংলা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী এ উপজেলায় নির্বাচনী মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ৫মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩মে এবং ভোটগ্রহণ ২৯মে।
একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের মোট ৪৮টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এখানে ভোট দিবেন ১লাখ ২০হাজার ৫০৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬০হাজার ৫০৩জন, নারী ভোটার ৬০হাজার ১জন এবং তৃতীয় লীঙ্গের ৩জন ভোটার।











































