
স্পোর্টস ডেস্ক
আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য প্রতিযোগী দেশগুলোকে আগামীকালের (১ মে) মধ্যে আইসিসির কাছে চূড়ান্ত দলের তালিকা পাঠাতে হবে। এরই মধ্যে কয়েকটি দেশ সেই কাজ সেরে ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অবশ্য এটিকে প্রাথমিক স্কোয়াড বলে উল্লেখ করেছে ইসিবি। যেখানে দীর্ঘদিন পর ইংলিশ স্কোয়াডে ফিরেছেন তারকা পেসার জোফরা আর্চার। একইসঙ্গে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেস অলরাউন্ডার ক্রিস জর্ডানও।
এর আগে সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৮৮টি টি-২০ খেলা জর্ডান। আর আর্চার সর্বশেষ জাতীয় দলে ছিলেন এক বছর আগে। গত বছরের মার্চে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের দলে সবশেষ খেলেছিলেন তিনি।
এরপর কনুইয়ের চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপও খেলতে পারেননি আর্চার। এছাড়া বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন এখনও আন্তর্জাতিক টি-২০তে অভিষেক না হওয়া বাঁ-হাতি স্পিনার টম হার্টলি। গত বছরের সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে প্রথম জাতীয় দলে তার অভিষেক হয়।
আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। ৪ জুন ইংল্যান্ড বার্বাডোজের কেনসিংটন ওভালে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মোকবিলা করবে। প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলার জন্য ইংলিশ দলে ডাক পেয়েছেন উইল জ্যাকস।
বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার বেশিরভাগ ক্রিকেটারই চলতি আইপিএলে খেলছেন। সেখান থেকে দেশে ফেরার পর তারা ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে। ২২ মে থেকে শুরু হবে এই সিরিজ। জর্ডান ডাক পেয়েছেন মূলত ক্রিস ওকস ইনজুরিতে ছিটকে যাওয়ায়।
জস বাটলারের নেতৃত্বাধীন দলটি টি-২০ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সর্বশেষ ২০২২ আসরে তারা পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল। ওই জয়ে দারুণ ভূমিকা রাখা বেন স্টোকস আগেই নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নিয়েছেন।
ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি (সহ-অধিনায়ক), স্যাম কুরান, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড, রিস টপলি।










































