ঢাকা অফিস
তীব্র তাপপ্রবাহের কারণে আগামী ২৬ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলীয় সমাবেশ স্থগিত করেছে বিএনপি। সোমবার বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। সমাবেশের পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৬ এপ্রিল সমাবেশের ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
রোববার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন- পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুই নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।











































