Home খেলাধুলা রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি

রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি

32


স্পোর্টস ডেস্ক

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, মাঠ দর্শকে ভরপুর। তবে রাজনৈতিক বৈরিতায় এই দুই দেশ দীর্ঘদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। কিছুদিন আগেই দুই দেশের সিরিজের গুরুত্ব নিয়ে কথা বলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এবার তার সঙ্গে সুর মেলালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

সম্প্রতি একটি পডকাস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন রোহিতকে জিজ্ঞেস করেন, পাকিস্তানের সঙ্গে (ভারত) নিয়মিত ম্যাচ খেললে টেস্ট ক্রিকেট উপকৃত হতো কি না? সেই অনুষ্ঠানে দুই দেশের ম্যাচ নিয়ে আগ্রহই প্রকাশ করেছেন রোহিত। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচকে ‘উত্তেজনাপূর্ণ’ বলেও আখ্যা দিয়েছেন রোহিত।

রোহিতের ‘ইতিবাচক বক্তব্যের’ জন্য তাকে প্রশংসা করেছেন আফ্রিদি। এছাড়াও পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নে ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও মনে করেন তিনি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন, দুই দেশের মধ্যকার দুরত্ব দূর করতে হাতিয়ার হতে পারে ক্রিকেট।

পাকিস্তানের স্থানীয় একটি গণমাধ্যমকে আফ্রিদি বলেন, ‘আসলেই দারুণ বক্তব্য, এটা (দ্বিপাক্ষিক সিরিজ) হওয়া উচিত। ও (রোহিত) ভারতের একজন প্রতিনিধি। আমরা সবসময় বলেছি যে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক ঠিক করতে, বিশেষ করে ক্রিকেট এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা একসময় ভারতে যেতাম এবং সেখানে ক্রিকেট খেলতাম। এই জিনিসগুলোই সম্পর্ক গড়ে তোলে প্রতিবেশীদের সঙ্গে।’

২০০৭ সালের পর আর দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে অংশ নেয়নি ভারত ও পাকিস্তান। তখন ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। সেই সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছিল স্বাগতিকরা। ২০১২-১৩ সালে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে দুই দেশ। সেটিই দেশ দুটির সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ। এরপর শুধু আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে দুই দল।