Home আঞ্চলিক বাঁশের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ: দুর্ঘটনা ও দুর্ভোগের শেষ নেই যে জনপদে

বাঁশের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ: দুর্ঘটনা ও দুর্ভোগের শেষ নেই যে জনপদে

40


স্টাফ রিপোর্টার।।
মেঠো পথের ধারে ঝুলে আছে বৈদ্যুতিক তার। বাঁশের খুঁটির মাধ্যমে দেয়া হয়েছে সংযোগ। হালকা ঝড়-বৃষ্টি আর বাতাস হলেই পড়ে যায় এসব খুঁটি। তখন দুর্ঘটনা ও দুর্ভোগের শেষ থাকে না জনপদে। খুলনা মহানগরীর ছোট বয়রা সংলগ্ন আন্দিরঘাট এলাকার শতাধিক পরিবারে এভাবেই গেছে বিদ্যুৎ সংযোগ। স্থানীয়রা একাধিকবার বিদ্যুৎ বিতরণ সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বরাবর আবেদন করলেও আশ্বাসেই পার হয়ে গেছে অন্তত ৫ বছর। সরেজমিনে দেখা যায়, তারের ভারে বাঁশগুলো হেলে পড়েছে। নষ্টও হয়ে গেছে কিছু বাঁশ। বিদ্যুতের তার নেমে এসেছে মাটির কাছাকাছি।

ফলে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। স্থানীয় আমির আলি নামের এক দোকানি বলেন, ‘পাঁচ বছরের বেশি সময় ধরে এখানে বাস করছি আমরা। বিদ্যুৎ অফিসে বার বার আবেদন করেও আশ্বাসে পার হয়ে গেছে এত বছর। বিভিন্ন সময় ছোট-ছোট দুর্ঘটনা ঘটে। আমরা এর থেকে পরিত্রাণ চাই।’ আয়েশা বেগম নামে এক নারী বলেন, ‘একটু ঝড়, বৃষ্টি বা বাতাস হলেই বাঁশের খুঁটি মাটিতে পড়ে যায়। ভোগান্তির শেষ থাকে না আমাদের। ছোট ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে ভয়ে থাকতে হয়।’ আলমগীর বিশ্বাস নামে অপর এক ব্যক্তি বলেন, ‘মাস শেষে বিল ঠিক-ই দিতে হয়।

অথচ ন্যূনতম সুবিধাটুকু পাচ্ছি না। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিশেষ করে বৃষ্টির সময় লোকালয়ে হাঁটুপানি হয়ে যায়। তখন বিদ্যুতের তার পানিতে পড়ে থাকলে আমরা বাস করব কীভাবে।’ চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘যখন বাঁশগুলো পড়ে যায়, আমাদের স্কুলে যেতে খুব ভয় হয়।’ একই অভিব্যক্তি প্রায় সব শিক্ষার্থীর। সমস্যা সমাধান করে স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতের দাবি এলাকাবাসীর। এদিকে এ বিষয়ে ক্যামেরায় সরাসরি কথা বলতে রাজি না হলেও ওজোপাডিকো কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই বৈদ্যুতিক খুঁটি পাবে এসব পরিবার।