Home স্বাস্থ্য ঘুম কাটছে না? জেনে নিন এই টিপসগুলো

ঘুম কাটছে না? জেনে নিন এই টিপসগুলো

47


অনলাইণ ডেস্ক।।

সকালে বা বিকেল ঘুম থেকে উঠেছেন। অফিস বা জরুরি কাজে বের হতে হবে, কিন্তু কোনোভাবেই ঘুম কাটছে না। দেখা গেল, কোনো গুরুত্বপূর্ণ কাজের মাঝে, মিটিং, অফিসের ডেস্কে অথবা পড়ার টেবিলে ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। এ অবস্থায় জোর করে কিছুক্ষণ জেগে থাকা গেলেও, কাজের কাজটি আর ঠিকঠাক হয় না।


কারণ ঝিমানি ভাবের ফলে মস্তিষ্ক ভালোভাবে সক্রিয় থাকতে পারে না। ফলে অনেক সময় নানা সমস্যার মুখে পড়তে হয়। তবে হেলথলাইন ডটকম এক প্রতিবেদনে ঘুম তাড়ানোর সহজ কিছু উপায় বাতলে দিয়েছে। আসুন জেনে নেয়া যাক কি সেই উপায়গুলো।

আরাম ত্যাগ করুন

অফিসের কাজ হোক কিংবা পড়াশোনা, এসব সময়ে ঘুম চলে আসার অন্যতম কারণ হলো আরাম। আরামে শুয়ে বসে কাজ করা। আরাম পেলেই শরীর ছেড়ে দেয়। ফলে ঘুম চলে আসে। এমনভাবে বসে কাজ করুন, যাতে কেবল কাজের দিকেই মনোযোগ থাকে।

খাবার-দাবার

খেয়াল রাখবেন প্রতিবেলা যা খাচ্ছেন, সে খাবারে যেন পর্যাপ্ত প্রোটিন, ফাইবার, শাক-সবজি ও ফলমূল থাকে। মেদবহুল খাবার এড়িয়ে চলুন। কেননা এসব খাবার শরীর অলস করে ফেলে। বাদাম খাওয়ার চেষ্টা করুন, বাদামের উপাদানগুলো শরীর অ্যাক্টিভ রাখতে কাজ করে।


পর্যাপ্ত ঘুম

অসময়ে ঘুম আসার অন্যতম কারণ হলো ঘুমের ঘাটতি। একজন সুস্থ মানুষের দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি। এর কম ঘুমালে শরীরে ঘুমের ঘাটতি থেকে যায়। তবে পরিমাণের চাইতে বেশিও ঘুমানো শরীরের জন্য ক্ষতিকর।

পানি পান করুন

ডি-হাইড্রেশন অতিরিক্ত ঘুম আসার আরেকটি কারণ হতে পারে। পর্যাপ্ত পানির ঘাটতি হলে শরীর ডি-হাইড্রেটেড হয়ে যায়। এটি মস্তিষ্ক সঙ্কুচিত করে ফেলে। প্রতিদিন অন্তত ২ লিটার পানি পান করতে চেষ্টা করুন। অসময়ের ঘুম তাড়াতে আসলে ঠাণ্ডা পানি বেশি উপকারী।

হাঁটাচলা

একই জায়গায় বেশিক্ষণ বসে কাজ করলেও ঘুম চলে আসতে পারে। তাই যখনই ঘুম ঘুম ভাব হবে, কাজ বন্ধ রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে চিন্তাভাবনা বিক্ষিপ্ত হবে এবং ঘুমভাব কেটে যাবে। একনাগাড়ে বসে থেকে কাজ করলে অলসতাও বৃদ্ধি পায়।

চোখে-মুখে পানি দিন

তাৎক্ষণিক ঘুম তাড়ানোর আরেকটি কার্যকরী উপায় হলো চোখে-মুখে পানির ঝাপটা দেয়া। যখনই চোখ ভারী হয়ে আসবে- মুখ ধুয়ে ফেলুন। এক্ষেত্রে দাঁত ব্রাশ করে ফেললেও উপকার পাওয়া যাবে।

চোখের বিশ্রাম

টানা বই অথবা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবেন না। এতে চোখ ক্লান্ত হয়ে যায় এবং ঘুম চলে আসে। এ ছাড়া এটি চোখের ক্ষতিও করে।

অন্তত ২০ মিনিট পর পর কম্পিউটার স্ক্রিন বা বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে রাখুন। এ সময় কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেও রাখতে পারেন।

ক্যাফেইন

ঘুম তাড়াতে কফি বা চা পান করতে পারেন। তবে এই পানীয়গুলো মস্তিষ্কে সাময়িক উত্তেজনা তৈরি করে। এ ছাড়া খুব বেশি চা কফি না খাওয়াই ভালো। এতে শরীরের অন্যান্য ক্ষতি হতে পারে। দিনে ৫০০ থেকে ৬০০ মিলিগ্রাম ক্যাফেইন পান করা যেতে পারে।