স্পোর্টস রিপোর্টার
শ্রীলঙ্কা সিরিজ শেষ হতেই জাতীয় দলের ক্রিকেটাররা মন দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লীগে। এরই মধ্যে লীগ পর্বের ৯ ম্যাচ শেষ হয়েছে। ঈদের পর প্রথম রাউন্ড শেষ হবে ১৯শে এপ্রিল। এরপর সুপার লীগ শুরু হবে তিন বা চারদিনের মধ্যে। অন্যদিকে এপ্রিলের শেষ সপ্তাহে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। তার মানে জাতীয় দলের ক্রিকেটারদের সুপার লীগে খেলার সুযোগ থাকছে না! কিন্তু সুপার লীগ যারা নিশ্চিত করবে সেই ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়তে চাইছে না। কারণ তাদের সামনে তখন দলের সেরা ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়ান হওয়ার মিশন। তাহলে টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা ক্যাম্পও করা যাবে না। সেই ক্রিকেটাররা ওয়ানডে খেলেই প্রস্তুতি নিবে টি-টোয়েন্টির! যতটা জানা গেছে জাতীয় দলের ক্রিকেটাররা সুপার লীগ খেলবে কিনা সেই সিদ্ধান্ত এখন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের হতে। এ বিষয়ে জাতীয় দলের নয়া নির্বাচন হান্নান সরকারও জানালেন তাদের সিদ্ধান্তহীনতার কথা।
দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘আসরে ক্যাম্প করবে নাকি সুপার লীগ খেলবে এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সুপার লীগ যখন শুরু হবে সেখানে জাতীয় দলের ক্রিকেটাররা সবাই খেলতে পারবে কিনা সন্দেহ আছে। এটি আসলে নিশ্চিত হয়নি। ঈদের পর সবাই বসে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।’ ওয়ানডে ও টি-টোয়েন্টি সাদা বলের খেলা হলেও দুই ফরম্যাটে ক্রিকেটারদের মাইন্ডসেট হয় দুই রকম। বিশেষ করে টি-টোয়েন্টি অনেক বেশি চ্যালেঞ্জিং। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রস্তুতি না নিয়ে খেলার মাসুল দিয়েছে সম্প্রতি দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে। তাই ক্রিকেট বোদ্ধারা মনে করেন টি-টোয়েন্টির আগে ওয়ানডে খেলা খুব একটা সুখকর হবে না জাতীয় দলের ক্রিকেটারদের জন্য।
তবে বাংলাদেশের ক্লাবগুলো বেশ ক্ষমতাশালী। গোটা বিসিবিই তাদের নিয়ন্ত্রণে। সেই ক্ষেত্রে ক্লাবগুলোর চাপ তো থাকবেই সুপার লীগে জাতীয় দলের ক্রিকেটারদের খেলানোর। এছাড়াও সাদা সাদা বল হলেও মানিয়ে নেয়ার চ্যালেঞ্জটা থাকছে তা অস্বীকার করারও কিছু নেই। এ বিষয়ে হান্নান সরকার বলেন, ‘দেখেন বিষয়টা নিয়ে নিজেরাও কনফিউশনে আছি। এটা আসলে ঠিক করবে ক্রিকেট অপারেশন্স বিভাগ। হতে পারে না সুপার লীগে কেউ সেঞ্চুরি করলো আবার বল হাতে উইকেট পেলো তাতে তার আত্মবিশ্বাসটাও বাড়বে। ম্যাচ প্রস্তুতি তো সব চেয়ে বেশি সুবিধা দেয়। তবে এখনো আলোচনা হয়নি কী করবে জাতীয় দলের ক্রিকেটাররা! ’ জাতীয় দলের খেলা শেষ হওয়ায় ক্রিকেটারদের মনোযোগ এখন ঢাকা প্রিমিয়ার লীগে। যতটা জানা গেছে সুপার লীগ ২২ তারিখ শুরু করে ৩০শে এপ্রিলের মধ্যে খেলা শেষ করার পরিকল্পনা সিসিডিএমের। তবে ৩রা মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু চট্টগ্রামে। ওই সিরিজের প্রস্তুতির জন্য তিন দিনের অনুশীলন ক্যাম্প রাখতে পারে জাতীয় দল। তার আগে সুপার লীগে খেলাই হবে ক্রিকেটারদের মাঠের প্রস্তুতি।
বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে। ২-১ এ সিরিজ হেরেছে দল। মূলত হারের অন্যতম কারণ ছিল টপঅর্ডারের ব্যাটিং ব্যর্থতা। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলে আসতে পারে কয়েকটি পরিবর্তন। জানা গেছে এই সিরিজ থেকে বাদ পড়তে পারেন এনামুল হক বিজয়। এই ওপেনার সুযোগ পেয়েও তার যোগ্যতার দশভাগও দিতে পারেননি। তাই তার পরিবর্তে দলে জায়গা হচ্ছে তরুণ তানজিদ হাসান তামিমের। তবে ফর্মে না থাকলেও লিটন দাসের দল থেকে বাদ পড়ার কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ফিট হয়ে এই মাসেই মাঠে ফিরবেন সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওপেনারের দলে থাকা অনেকটাই নিশ্চিত। লঙ্কার বিপক্ষে দারুণ পারফরম্যান্স নিয়ে জাকের আলী অনিক ও রিশাদ হোসেন নিজেদের জায়গা নিশ্চিত করেছেন। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন। তবে সাকিব আল হাসান খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে দলীয় একটি সূত্রে জানা গেছে জাতীয় দলের ক্রিকেটাররা সুপার লীগের সব ম্যাচ খেলবে না। সিরিজে ইনজুরিমুক্ত ও ফিট রাখতে তাদের হয়তো আগেই ক্লাবগুলোকে বিদায় বলে আসতে হবে!











































